ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহত বেড়ে ৩৫৩৫, আহত ১৬৭৪০
ভেনেজুয়েলায় গত মাসে আঘাত হানা দুটি শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৩ হাজার ৫৩৫ জনে পৌঁছেছে। এছাড়া আহত হয়েছেন ১৬ হাজার ৭৪০ জন।
মঙ্গলবার (৭ জুলাই) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, ভূমিকম্পের কারণে অন্তত ১৭ হাজার ৮৫৪ জন মানুষ গৃহহীন হয়ে পড়েছেন। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত উপকূলীয় অঞ্চল কারাকাস ও লা গুয়াইরায় খোলা ৮০টি আশ্রয়কেন্দ্রে এখন পর্যন্ত প্রায় ১২ হাজার ৮০০ মানুষ আশ্রয় নিয়েছেন।
এর আগে সোমবার (০৬ জুলাই) দেশটির আইনপ্রণেতা জর্জ রদ্রিগেজ জানান, উদ্ধার অভিযান অব্যাহত থাকায় হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
উল্লেখ্য, গত ২৪ জুন কয়েক সেকেন্ডের ব্যবধানে ভেনেজুয়েলার কারাকাস, লা গুয়াইরা ও আশপাশের এলাকায় ৭ দশমিক ২ এবং ৭ দশমিক ৫ মাত্রার দুটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। এতে প্রায় ৬০ হাজার ভবন ক্ষতিগ্রস্ত বা সম্পূর্ণ ধ্বংস হয়েছে।
পি/ডি