২৫০তম জন্মদিন উদযাপন করছে আমেরিকা
রাজনৈতিক বিভাজন, তীব্র তাপপ্রবাহের মধ্যেই যুক্তরাষ্ট্রে স্বাধীনতার ২৫০তম বার্ষিকী উদযাপন শুরু হয়েছে। শনিবার (০৪ জুলাই) দেশজুড়ে নানা আয়োজনের মধ্য দিয়ে ঐতিহাসিক এ দিবস পালন করা হচ্ছে। রাজধানী ওয়াশিংটন থেকে শুরু করে নিউইয়র্ক, শিকাগো, লস অ্যাঞ্জেলেসসহ বিভিন্ন শহরে উৎসবমুখর পরিবেশ তৈরি হলেও তাপপ্রবাহের কারণে কয়েকটি কর্মসূচিতে পরিবর্তন আনতে হয়েছে।
স্বাধীনতার ২৫০তম বার্ষিকী উদযাপনের কেন্দ্রীয় অনুষ্ঠানে রাজধানী ওয়াশিংটনের ন্যাশনাল মলে ভাষণ দেওয়ার কথা রয়েছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। পাশাপাশি যুক্তরাষ্ট্রের রাজধানীতে ইতিহাসের অন্যতম বৃহৎ আতশবাজির আয়োজন করা হয়েছে।
এর আগে শুক্রবার (০৩ জুলাই) দক্ষিণ ডাকোটার মাউন্ট রাশমোরে দেওয়া ভাষণে ট্রাম্প কমিউনিজমকে যুক্তরাষ্ট্রের স্বাধীনতা, সংবিধান ও মূল্যবোধের জন্য সবচেয়ে বড় হুমকি হিসেবে বর্ণনা করেন।

স্বাধীনতা দিবস উপলক্ষে শিকাগোর নেভি পিয়ার, নিউইয়র্ক সিটি এবং দেশের বিভিন্ন স্থানে বর্ণাঢ্য আতশবাজির আয়োজন করা হয়েছে। ১৭৮৫ সাল থেকে স্বাধীনতা দিবস উদযাপনের ঐতিহ্য বহনকারী রোড আইল্যান্ড অঙ্গরাজ্যের ব্রিস্টলেও বিশেষ কর্মসূচি অনুষ্ঠিত হচ্ছে। অন্যদিকে লস অ্যাঞ্জেলেসে কুইন লাতিফার সঞ্চালনায় একটি বিশেষ কনসার্টের আয়োজন করা হয়েছে, যেখানে জনপ্রিয় কয়েকজন শিল্পী অংশ নিচ্ছেন।
তবে উৎসবের আবহে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে তীব্র তাপপ্রবাহ। যুক্তরাষ্ট্রের পূর্বাঞ্চলের বিভিন্ন এলাকায় তাপমাত্রা ১০০ ডিগ্রি ফারেনহাইট বা তারও বেশি পৌঁছেছে। এ কারণে ওয়াশিংটনে আয়োজিত গ্রেট আমেরিকান স্টেট ফেয়ার কয়েক ঘণ্টার জন্য বন্ধ রাখা হয় এবং স্বাধীনতা দিবসের শোভাযাত্রা বাতিল করা হয়েছে। বিপরীতে পশ্চিম উপকূলে আবহাওয়া তুলনামূলক স্বস্তিদায়ক রয়েছে।

বিশ্লেষকদের মতে, স্বাধীনতার ২৫০তম বার্ষিকী এমন এক সময়ে উদযাপিত হচ্ছে, যখন যুক্তরাষ্ট্রে রাজনৈতিক ও সামাজিক বিভাজন আগের যেকোনো সময়ের তুলনায় বেশি দৃশ্যমান। বর্ণ, অভিবাসন, শ্রেণি বৈষম্য এবং রাষ্ট্র পরিচালনা নিয়ে বিতর্ক দেশটির রাজনৈতিক অঙ্গনকে আরও উত্তপ্ত করে তুলেছে।
এদিকে মাউন্ট রাশমোরে দেওয়া ভাষণে প্রেসিডেন্ট ট্রাম্প কমিউনিজমকে যুক্তরাষ্ট্রের জন্য সবচেয়ে বড় হুমকি বলে মন্তব্য করেন। যদিও নিউইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি পরোক্ষভাবে এর জবাব দিয়ে বলেন, যুক্তরাষ্ট্রের গণতান্ত্রিক আদর্শ এতটাই শক্তিশালী যে, জনগণ তা ধারণ করলে যেকোনো কর্তৃত্ববাদী প্রবণতা মোকাবিলা করা সম্ভব।
উৎসবের এ সপ্তাহান্তে ক্রীড়া ও সাংস্কৃতিক আয়োজনও যুক্ত হয়েছে। শনিবার দেশজুড়ে মেজর লিগ বেসবলের একাধিক ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে। একই সঙ্গে ৩২ বছর পর যুক্তরাষ্ট্রে আয়োজিত বিশ্বকাপ ফুটবলের ম্যাচও রয়েছে হিউস্টন ও ফিলাডেলফিয়ায়। এসব আয়োজনের মধ্য দিয়ে স্বাধীনতার ২৫০তম বার্ষিকী উদযাপনে উৎসবের আমেজ আরও বেড়েছে।
সূত্র: গালফ নিউজ
এসি//