আন্তর্জাতিক

ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহত বেড়ে ২৬৪৫, আহত ১২৬৬৬

ভেনেজুয়েলার উত্তরাঞ্চলে এক সপ্তাহ আগে আঘাত হানা শক্তিশালী দুটি ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ২ হাজার ৬৪৫ জনে পৌঁছেছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১২ হাজার ৬৬৬ জন।

শনিবার (০৪ জুলাই) তুর্কি বার্তা সংস্থা আনাদোলু এজেন্সির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, শুক্রবার দেশটির যোগাযোগ ও তথ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে সর্বশেষ হতাহতের এই তথ্য প্রকাশ করেছে।

বিবৃতিতে জানানো হয়, এখন পর্যন্ত ৬ হাজার ৪৬২ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে এবং ক্ষতিগ্রস্ত ৮৬ হাজার ১১৭টি পরিবারকে বিভিন্ন ধরনের সহায়তা দেওয়া হয়েছে। ভূমিকম্পে মোট ৮৮৫টি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে, যার মধ্যে ১৮৯টি ভবন সম্পূর্ণ ধসে পড়েছে।

এছাড়া উদ্ধার ও ত্রাণ কার্যক্রমে ৩ হাজার ৩০০ জনের বেশি আন্তর্জাতিক উদ্ধারকর্মী অংশ নিচ্ছেন। পাশাপাশি ভেনেজুয়েলা সরকার প্রায় ৩০ হাজার কর্মী মোতায়েন করেছে।

যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, গেল ২৪ জুন মাত্র ৩৯ সেকেন্ডের ব্যবধানে ভেনেজুয়েলায় ৭ দশমিক ২ এবং ৭ দশমিক ৫ মাত্রার দুটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। সংস্থাটির তথ্য অনুযায়ী, এ পর্যন্ত ৮৯০টি আফটারশক রেকর্ড করা হয়েছে।

ইউএসজিএসের তথ্যমতে, ৭ দশমিক ৫ মাত্রার ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ইয়ারাকুই অঙ্গরাজ্যের ইউমারের দক্ষিণ-পূর্বে প্রায় ২৩ কিলোমিটার দূরে। আর ৭ দশমিক ২ মাত্রার ভূমিকম্পটি আঘাত হানে একই অঙ্গরাজ্যের সান ফেলিপের উত্তর-পূর্বে প্রায় ২৩ দশমিক ৯ কিলোমিটার এলাকায়।

 

এমএ//

এ সম্পর্কিত আরও পড়ুন