আন্তর্জাতিক

কিয়েভে ভয়াবহ রুশ হামলায় নিহত ৮, আহত ৩৪

ইউক্রেনের রাজধানী কিয়েভে ব্যালিস্টিক ও ক্রুজ ক্ষেপণাস্ত্রের পাশাপাশি ড্রোন ব্যবহার করে বড় ধরনের হামলা চালিয়েছে রাশিয়া। বৃহস্পতিবার (০২ জুলাই) ভোরে চালানো এ হামলায় আটজন নিহত হয়েছে। আহত হয়েছে আরও অন্তর ৩৪ জন।

মার্কিন সংবাদমাধ্যম এপির প্রতিবেদনে জানানো হয়েছে, হামলায় রাজধানীর বিভিন্ন এলাকায় আবাসিক ভবন ও বেসামরিক অবকাঠামো ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। হামলার সতর্কবার্তা জারির পর বহু বাসিন্দা নিরাপদ আশ্রয়ের জন্য মেট্রো স্টেশনগুলোতে আশ্রয় নেন।

কিয়েভ সিটি মিলিটারি অ্যাডমিনিস্ট্রেশনের প্রধান তিমুর তকাচেঙ্কো জানান, শহরের অন্তত ২৮টি স্থানে হামলার ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া গেছে। ক্ষতিগ্রস্ত স্থাপনাগুলোর বেশিরভাগই আবাসিক ভবন ও অন্যান্য বেসামরিক স্থাপনা।

কিয়েভের মেয়র ভিতালি ক্লিচকো বলেন, আহতদের মধ্যে একজন প্যারামেডিকের অবস্থা আশঙ্কাজনক। তিনি নগরবাসীকে নিরাপদ আশ্রয়ে থাকার আহ্বান জানিয়ে বলেন, রাজধানীর ওপর এখনো তীব্র রুশ হামলা চলছে।

শেভচেনকিভস্কি জেলায় একটি হোটেল এবং দুটি পাঁচতলা আবাসিক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। সেখানে অন্তত পাঁচজন আহত হয়েছেন।

ডেসনিয়ানস্কি জেলায় একটি নয়তলা ভবন ক্ষতিগ্রস্ত হলে কয়েকজন বাসিন্দা ধ্বংসস্তূপের নিচে আটকা পড়েন। তাদের উদ্ধারে জরুরি উদ্ধারকারী দল অভিযান চালাচ্ছে।

হোলোসিইভস্কি জেলায় একটি ১৬ তলা ভবনের ছাদে আগুন লাগে। এছাড়া সভিয়াতোশিনস্কি জেলায় দুটি ব্যক্তিগত বাড়িতে আগুন ছড়িয়ে পড়ে এবং একটি বাড়ির ধ্বংসস্তূপের নিচে মানুষ আটকা পড়ার খবর পাওয়া গেছে।

দারনিৎসকি জেলায় হামলায় একটি নয়তলা ভবনের ছয়টি তলা ধসে পড়ে। পাশাপাশি একটি পাঁচতলা আবাসিক ভবন, একটি ১৬ তলা ভবন এবং কয়েকটি ব্যক্তিগত বাড়িও ক্ষতিগ্রস্ত হয়েছে।

তিমুর তকাচেঙ্কো আরও জানান, ডেসনিয়ানস্কি জেলায় একটি আবাসিক ভবনের অংশবিশেষ ধসে পড়েছে। পেচেরস্কি জেলায় দুটি স্থানে আবাসিক ভবনের পাশে আগুন লাগে এবং সোলোমিয়ানস্কি জেলায় একটি প্রশাসনিক ভবনের কাছেও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এছাড়া ওবোলোনস্কি ও পোদিলস্কি জেলাতেও ক্ষয়ক্ষতির তথ্য সংগ্রহ করা হচ্ছে।

কিয়েভ অঞ্চলের প্রশাসনের প্রধান মাইকোলা কালাশনিক জানান, রাজধানীর বাইরে আরও পাঁচটি জেলাতেও হামলায় বিভিন্ন স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে সেসব এলাকায় তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

 

এমএ//

এ সম্পর্কিত আরও পড়ুন