পাকিস্তানে কোচিং সেন্টারের ছাদ ধসে ১৪ শিশুর মৃত্যু
পাকিস্তানের লাহোরের কাহনা এলাকায় একটি বেসরকারি কোচিং সেন্টারের ছাদ ধসে ১৪ জন শিশু নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে পাঁচ জন।
বুধবার (১ জুলাই) বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, দুর্ঘটনার সময় ভবনটির ছাদে মেরামতের কাজ চলছিল। সে সময় ছাদের ওপর রাখা অতিরিক্ত টাইলসের ওজনের চাপেই জরাজীর্ণ ছাদটি হঠাৎ ধসে পড়ে এবং নিচে শিক্ষার্থীদের ওপর ভেঙে পড়ে।
দেশটির জরুরি উদ্ধারকারী সংস্থা রেসকিউ ১১২২-এর মুখপাত্র ফারুক আহমেদ জানান, স্থানীয় সময় বিকেল ৪টা ৪৫ মিনিটে দুর্ঘটনার খবর পেয়ে উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে পৌঁছান। পরে প্রায় এক ঘণ্টার চেষ্টায় উদ্ধার অভিযান শেষ করা হয়। ধ্বংসস্তূপ থেকে উদ্ধার হওয়া শিশুদের বেশিরভাগের বয়স ছিল ৭ থেকে ১১ বছরের মধ্যে।
এ ঘটনার পর পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ গভীর শোক প্রকাশ করেছেন। তিনি নিহত শিশুদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন। একই সঙ্গে আহতদের সর্বোচ্চ চিকিৎসাসেবা নিশ্চিত করার নির্দেশ দেন।
পাঞ্জাবের মুখ্যমন্ত্রী মরিয়ম নওয়াজ শরিফও এ ঘটনাকে হৃদয়বিদারক ট্র্যাজেডি বলে উল্লেখ করেন। তিনি বলেন, ১৪ নিরীহ শিশুর মৃত্যু দেশের জন্য অপূরণীয় ক্ষতি। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
পি/ডি