জাতীয়

পূর্বাচলে বাড়ছে পুলিশের সক্ষমতা, হবে চার থানা ও ছয় তদন্ত কেন্দ্র

ছবি: সংগৃহীত

পূর্বাচল নতুন শহর প্রকল্প এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি আরও শক্তিশালী করতে চারটি থানা ও ছয়টি তদন্ত কেন্দ্র স্থাপন করা হবে বলে জানিয়েছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির।

বুধবার (০১ জুলাই) সকালে পূর্বাচল এলাকায় বরকাউ পুলিশ ক্যাম্প উদ্বোধন অনুষ্ঠানে এসব তথ্য জানান তিনি।

আইজিপি বলেন, ঢাকা মহানগর পুলিশের আওতায় পূর্বাচলে নিরাপত্তা ব্যবস্থা আধুনিকায়নের অংশ হিসেবে চারটি থানা, ছয়টি তদন্ত কেন্দ্র, দুটি পুলিশ লাইন, তিনটি উপকমিশনারের কার্যালয় এবং ৪১টি পুলিশ বক্স স্থাপনের কার্যক্রম চলমান রয়েছে।

তিনি জানান, পুলিশের অবকাঠামো উন্নয়নের জন্য মোট ২৯ দশমিক ২১ একর জমি বরাদ্দ দেওয়া হয়েছে। এর মধ্যে ১৮ দশমিক ৬৩ একর জমির নিবন্ধন ইতোমধ্যে শেষ হয়েছে।

মো. আলী হোসেন ফকির আরও জানান, ভবিষ্যতে পূর্বাচলকে সম্পূর্ণভাবে ঢাকা মহানগর পুলিশের আওতাভুক্ত করে একজন অতিরিক্ত পুলিশ কমিশনারের নেতৃত্বে পৃথক বিভাগ গঠনের পরিকল্পনা রয়েছে। নতুন এই বিভাগের জন্য প্রায় ৬ হাজার ৫২৪ জন জনবল নিয়োগের পরিকল্পনাও রয়েছে।

বরকাউ পুলিশ ক্যাম্প উদ্বোধনী অনুষ্ঠানে ঢাকা মহানগর পুলিশ কমিশনার মোসলেহ উদ্দিন আহমদসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং স্থানীয় বাসিন্দারা উপস্থিত ছিলেন।

 

এসি//

এ সম্পর্কিত আরও পড়ুন