নয় বছরের সংসার ভাঙার কারণ জানালেন অভিনেত্রী
ভারতীয় টেলিভিশনের জনপ্রিয় অভিনেতা গৌরব খান্না ও অভিনেত্রী আকাঙ্ক্ষা চামোলার প্রায় নয় বছরের দাম্পত্য জীবনের ইতি টেনেছেন। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, সম্প্রতি রিয়েলিটি শো ‘লক আপ সিজন ২’ এর প্রিমিয়ারে বিচ্ছেদের ঘোষণা দেওয়ার পর এবার সম্পর্ক ভাঙার কারণও প্রকাশ করেছেন আকাঙ্ক্ষা।
আকাঙ্ক্ষা জানান, তিনি কখনোই মা হওয়ার ইচ্ছা অনুভব করেননি। বিয়ের শুরুর দিকে সময়ের সঙ্গে সেই অনুভূতি তৈরি হতে পারে বলে ভেবেছিলেন। কিন্তু পরে বুঝতে পারেন, মাতৃত্বের জন্য তিনি মানসিকভাবে প্রস্তুত নন।
অভিনেত্রীর মতে, অধিকাংশ মানুষ বিয়ে করে পরিবার গড়ার জন্য, সন্তান নেওয়ার জন্য। তাই গৌরবের ইচ্ছাকে তিনি ভুল মনে করেন না। ‘বিগ বস ১৯’ এ অংশ নেওয়ার সময় তিনি উপলব্ধি করেন, গৌরব সত্যিই বাবা হতে চান। আর তিনি যেহেতু মা হতে চান না, তাই নিজের কারণে গৌরবের সেই স্বপ্ন আটকে রাখতে চাননি।
এর আগে ‘বিগ বস ১৯’-এ গৌরব খান্নাও জানিয়েছিলেন, তিনি বাবা হতে চান, কিন্তু আকাঙ্ক্ষা মাতৃত্ব বেছে নিতে চান না। ব্যক্তিগত বিষয় প্রকাশ করায় সে সময় সমালোচনার মুখে পড়লেও গৌরব বলেছিলেন, স্ত্রীর সিদ্ধান্তকে তিনি সবসময় সম্মান করেন।
উল্লেখ্য, ২০১৬ সালের ২৪ নভেম্বর কানপুরে বিয়ে করেন গৌরব খান্না ও আকাঙ্ক্ষা চামোলা। প্রায় এক দশকের দাম্পত্য জীবনের পর সন্তান নেওয়ার বিষয়ে মতপার্থক্যের জেরে আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন এই তারকা দম্পতি।
পি/ডি