খেলাধুলা

হতাশার বিদায়ে আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানলেন ম্যানুয়েল নয়্যার

২০২৬ ফিফা বিশ্বকাপের রাউন্ড অব ৩২-এ প্যারাগুয়ের কাছে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে জার্মানি। সেই সঙ্গে জাতীয় দলের জার্সিতে শেষ ম্যাচও খেলে ফেললেন কিংবদন্তি গোলরক্ষক ম্যানুয়েল নয়্যার।

সোমবার (২৯ জুন) বোস্টনে অনুষ্ঠিত ম্যাচে নির্ধারিত ও অতিরিক্ত সময় শেষে ১-১ গোলে সমতা থাকায় খেলা গড়ায় টাইব্রেকারে। সেখানে ৪-৩ ব্যবধানে জয় পেয়ে শেষ ষোলো নিশ্চিত করে প্যারাগুয়ে। এর আগেই নয়্যার ঘোষণা দিয়েছিলেন, এই বিশ্বকাপ শেষে তিনি আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নেবেন।

বিশ্বকাপের গ্রুপ পর্বে দারুণ ছন্দে ছিল জার্মানি। ‘ই’ গ্রুপের প্রথম ম্যাচে বিশ্বকাপে অভিষেক হওয়া কুরাসাওকে ৭-১ গোলে উড়িয়ে দেয় চারবারের বিশ্বচ্যাম্পিয়নরা। দ্বিতীয় ম্যাচে আইভরি কোস্টকে ২-১ গোলে হারিয়ে গ্রুপের শীর্ষে উঠে আসে দলটি। যদিও শেষ গ্রুপ ম্যাচে ইকুয়েডরের কাছে ২-১ গোলে পরাজিত হয় জার্মানি, তবুও গ্রুপসেরা হিসেবেই নকআউট পর্বে জায়গা করে নেয় তারা।

ম্যাচ শেষে হতাশা প্রকাশ করে নয়্যার বলেন, জার্মানির মতো দলের এমন ম্যাচে জয় নিয়েই মাঠ ছাড়ার কথা ছিল।

তিনি বলেন, “কোচ আমাদের সঙ্গে কথা বলেছেন। আমরা সবাই খুব হতাশ। আজ জেতার মতো ধার কিংবা প্রয়োজনীয় ভাগ্য আমাদের ছিল না। আমরা খুব কম সুযোগ তৈরি করেছি এবং আক্রমণে প্রত্যাশিত তীক্ষ্ণতা দেখাতে পারিনি।”

টাইব্রেকার প্রসঙ্গে নয়্যার বলেন, টুর্নামেন্টজুড়ে কিংবা ম্যাচের আগে কয়েকজন খেলোয়াড় আরও আত্মবিশ্বাসী থাকলে ফল ভিন্ন হতে পারত। তার মতে, প্যারাগুয়ে দুটি পেনাল্টি মিস করার পরও জার্মানির সেই সুযোগ কাজে লাগাতে না পারা ছিল সবচেয়ে হতাশাজনক বিষয়।

উল্লেখ্য, ৪০ বছর বয়সি নয়্যার জার্মানির হয়ে ১২৪টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন এবং ৫১টি ক্লিন শিট রেখেছেন। দীর্ঘ ক্যারিয়ারে তিনি সেপ মাইয়ার, অলিভার কান ও হারাল্ড ‘টনি’ শুমাখারের মতো কিংবদন্তিদের বিভিন্ন রেকর্ড ছাড়িয়ে জার্মান ফুটবল ইতিহাসের অন্যতম সেরা গোলরক্ষক হিসেবে নিজের নাম প্রতিষ্ঠিত করেছেন।

তথ্যসূত্র: মিন্ট, বোলাভিআইপি।

 

এমএ//

এ সম্পর্কিত আরও পড়ুন