পাবনায় ৩ শিক্ষককে মারধরের ঘটনায় দোষীদের গ্রেপ্তারের দাবীতে মানববন্ধন
পাবনার ঈশ্বরদীতে পড়া না পারায় এক শিক্ষার্থীকে শাসনের জের ধরে তিন শিক্ষককে মারধরের ঘটনায় দোষীদের শাস্তির দাবীতে মানববন্ধন করেছে শিক্ষার্থী ও স্থানীয়রা।
সোমবার (২৯ জুন) সকালে উপজেলার লক্ষীকুন্ডা ইউনিয়নের প্রত্যন্ত চরকুড়ুলিয়া আলহাজ্ব মোড় এলাকায় ঘন্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তব্য দেন, উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের সভাপতি লুৎফর রহমান, সাধারন সম্পাদক মুহিদুল ইসলাম, আন্তঃ উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের সভপতি মজিবুর রহমান, বাঁশেরবাদা ডিগ্রি কলেজের অবসরপ্রাপ্ত সহকারী অধ্যাপক আব্দুল হামিদ শিপু, সমাজসেবক আনোয়ার হোসেন ঠান্ডু, সমাজসেবক আরিফ প্রাং সহ অন্যান্যরা।
মানববন্ধনে বক্তারা বলেন, শিক্ষকরা এদেশে জাতি গড়ার কারিগরি। পিতা মাতার পরই শিক্ষকদের সম্মান দেওয়ার কথা। একটি বিদ্যালয়ে শিক্ষার মান উন্নয়নের পাশাপাশি শিক্ষার্থীদের নৈতিক শিক্ষাদানে অনেক সময় শাসনের প্রয়োজন হয়। অথচ সেই শিক্ষকরা যখন শিক্ষার্থীদের শাসন করে তখন তাদের ওপর নেমে আসে নির্যাতন।
বক্তার আরো জানিয়েছেন, সাম্প্রতিক সেলিম রেজা বিদ্যানিকেতনে যে ঘটনা ঘটেছে যা অত্যান্ত দুঃখজনক ও শিক্ষকদের জন্য লজ্জার বিষয়। এ ঘটনায় থানায় অভিযোগ দেওয়ার পরও আসামী গ্রেফতার করছে না পুলিশ। অথচ ঘটনা ভিন্ন খাতে নিতে আসামীরা প্রকাশ্যে থানার পাশের একটি ভবনে সংবাদ সম্মেলন করেছে।
আগামী ৪৮ ঘন্টার মধ্যে আসামী গ্রেফতার করা না হলে উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা বৃহত্তর কর্মসূচি ঘোষনা করবে বলেও মানববন্ধনে জানানো হয়।
প্রসঙ্গত, গত বৃহস্পতিবার (২৫ জুন) দুপুরে ঈশ্বরদী উপজেলার চর-কুরুলিয়া গ্রামে সেলিম রেজা আদর্শ বিদ্যানিকেতনে এক শিক্ষার্থীকে শাসন করার জের ধরে প্রতিষ্ঠানটির তিন শিক্ষিকাকে মারধর করেন ওই শিক্ষার্থীর মামা উজ্জল হোসেন মাল ও মামাতো ভাই বাসির মালসহ কয়েকজন।
আই/এ