দেশজুড়ে

ছাগলকে জোর করে পানি খাওয়ানোর ভিডিও ভাইরাল, মূল অভিযুক্তসহ গ্রেপ্তার ২

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে ছাগলকে মোটাতাজা দেখাতে পাইপ দিয়ে জোরপূর্বক পানি খাওয়ানোর ঘটনায় মূল অভিযুক্ত চাঁন বাদশা ও তার সহযোগী শাহাদাৎকে গ্রেপ্তার করেছে পুলিশ। চান বাদশা ওই গ্রামের সাবুদ্দিনের ছেলে।

রোববার (২৮ জুন) ভোরে উপজেলার কড়ইকান্দি গ্রামে নিজ বাড়ি থেকে চাঁন বাদশাকে গ্রেপ্তার করা হয়। এর আগে শনিবার (২৭ জুন) সন্ধ্যায় তার সহযোগী শাহাদাৎকে গ্রেপ্তার করা হয়। ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. ওবায়দুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়া ভিডিওটি নজরে আসার পর পুলিশ তদন্ত শুরু করে। এই ঘটনায় বাঞ্ছারামপুর থানায় একটি সাধারণ সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।  তদন্তের ভিত্তিতে অভিযুক্ত ছাগলের মালিক চাঁন বাদশা ও তার সহযোগী শাহাদাৎকে গ্রেপ্তার করা হয়। আজ দুপুরে তাদের আদালতে পাঠানো হয়েছে।

গত ২৪ জুন বাঞ্ছারামপুর উপজেলার রূপসদী বাজারে একটি ছাগলকে মোটাতাজা দেখানোর উদ্দেশ্যে পাইপ দিয়ে জোরপূর্বক পানি খাওয়ানোর ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

অবলা প্রাণীর প্রতি এমন নিষ্ঠুর আচরণের ঘটনায় স্থানীয়দের মধ্যে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয় এবং অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি ওঠে।

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন