পুকুরে ভাসছিল ৮ মাসের শিশুর মরদেহ, পাড়ে বসে ছিলেন মা
জামালপুরের মেলান্দহ উপজেলায় আট মাস বয়সী নিজের সন্তানকে পুকুরে ফেলে হত্যার অভিযোগ উঠেছে এক মায়ের বিরুদ্ধে। এ ঘটনায় স্থানীয়রা ওই নারীকে আটক করে পুলিশে সোপর্দ করেছেন।
রোববার (২৮ জুন) ভোরে উপজেলার ভাবকী গোয়ালবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার রাতে হুমায়ুন আহমেদ (২৫) ও তার স্ত্রী শ্রাবন্তী (২০) একমাত্র সন্তান শাওনকে নিয়ে ঘুমিয়ে পড়েন। ভোর সাড়ে চারটার দিকে হুমায়ুনের ঘুম ভাঙলে তিনি দেখতে পান, স্ত্রী ও সন্তান ঘরে নেই। এরপর তিনি আশপাশে খোঁজ শুরু করেন।
একপর্যায়ে বেপারীপাড়া এলাকায় এক স্বজন বাড়ির পাশের পুকুরে শিশু শাওনকে ভাসমান অবস্থায় দেখতে পান। একই সময় শিশুটির মা শ্রাবন্তীকেও পুকুরের পাশে পাওয়া যায়। পরে স্থানীয়রা তাকে ধরে বাড়ির কাছে একটি বৈদ্যুতিক খুঁটির সঙ্গে বেঁধে রাখেন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে শ্রাবন্তীকে আটক করে এবং পুকুর থেকে শিশুটির মরদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হয়।
শিশুটির বাবা হুমায়ুন আহমেদ অভিযোগ করে বলেন, এর আগেও তার স্ত্রী কয়েকবার বাড়ি ছেড়ে চলে গিয়েছিলেন। এ নিয়ে স্থানীয়ভাবে একাধিকবার সালিসও হয়েছে। তার দাবি, তার স্ত্রীই শিশুটিকে হত্যা করেছেন।
তবে ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত চালাচ্ছে পুলিশ।
মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবায়দুর রহমান জানান, খবর পাওয়ার পর দ্রুত ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। অভিযুক্ত নারীকে আটক করা হয়েছে। এ ঘটনায় আইনগত কার্যক্রম চলমান রয়েছে।
এসি//