দেশজুড়ে

সংবাদ প্রকাশের জেরে ছাত্রদল নেতাদের বিরুদ্ধে সাংবাদিকের ওপর হামলার অভিযোগ

ছবি: সংগৃহীত

পটুয়াখালীর কলাপাড়ায় সংবাদ প্রকাশকে কেন্দ্র করে এক সাংবাদিকের ওপর হামলার অভিযোগ উঠেছে ছাত্রদলের কয়েকজন নেতাকর্মীর বিরুদ্ধে। আহত সাংবাদিক মোয়াজ্জেম হোসেন (৪০) স্থানীয় একটি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক এবং জাতীয় দৈনিক আজকের পত্রিকার কলাপাড়া প্রতিনিধি।

শনিবার (২৭ জুন) রাতে পৌর শহরের মাছ বাজারসংলগ্ন সদর সড়কে এ ঘটনা ঘটে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

আহত মোয়াজ্জেম হোসেনের অভিযোগ, রাত ৮টার দিকে তিনি একটি মোবাইল সার্ভিসিংয়ের দোকানে বসে ছিলেন। এ সময় উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম ফাহিম এবং মোজাহার উদ্দিন বিশ্বাস কলেজ শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক বেল্লাল হোসেনের নেতৃত্বে ৭-৮ জন তার ওপর দুই দফায় অতর্কিত হামলা চালায়। এতে তিনি গুরুতর আহত হন।

তার দাবি, গেল ২১ জুন শহরের স্লুইজ এলাকায় তার বোনের বাড়িতে হামলার ঘটনা নিয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশের জেরেই তার ওপর এ হামলা চালানো হয়েছে।

এ বিষয়ে বক্তব্য জানতে উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম ফাহিমের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোনে কথা বলতে রাজি হননি।

অভিযুক্ত বেল্লাল হোসেন অভিযোগ অস্বীকার করে বলেন, ঘটনার দিন তিনি এলএলবি পরীক্ষায় অংশ নিতে বরিশালে ছিলেন। সন্ধ্যার পর এলাকায় ফিরে অন্যদের কাছ থেকে ঘটনার কথা জানতে পারেন। তাকে পরিকল্পিতভাবে এ ঘটনায় জড়ানো হচ্ছে বলেও দাবি করেন তিনি।

পটুয়াখালী জেলা ছাত্রদলের সদস্যসচিব মো. জাকারিয়া আহমেদ বলেন, ঘটনাটি দুঃখজনক। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। অভিযোগের সত্যতা পাওয়া গেলে জড়িতদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

কলাপাড়া উপজেলা বিএনপির সভাপতি হাজী মো. হুমায়ুন শিকদার বলেন, সাংবাদিকের ওপর হামলার ঘটনা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তিনি হাসপাতালে গিয়ে আহত সাংবাদিকের খোঁজ নিয়েছেন। ঘটনায় জড়িতদের বিরুদ্ধে দলীয় ও সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

পটুয়াখালী-৪ আসনের সংসদ সদস্য এবিএম মোশাররফ হোসেন বলেন, বিষয়টি তার নজরে এসেছে। ঘটনার তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম বলেন, ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

 

এমএ//

এ সম্পর্কিত আরও পড়ুন