দেশজুড়ে

পিকআপ-অটোরিকশার সংঘর্ষে মা-মেয়েসহ নিহত ৩

ফেনীর ফুলগাজী উপজেলায় মুরগিবাহী একটি পিকআপ ভ্যান ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মা-মেয়েসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুই যাত্রী।

শনিবার (২৭ জুন) সন্ধ্যায় দিকে ফেনী-পরশুরাম আঞ্চলিক সড়কের ফুলগাজী পল্লী বিদ্যুৎ অফিসের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন— ফুলগাজী উপজেলার উত্তর শ্রীপুর গ্রামের আবুল কালামের ছেলে মোহাম্মদ কাওছার (২৭), ছাগলনাইয়া উপজেলার পাঠাননগর ইউনিয়নের কাজী হায়াতের স্ত্রী ওয়াহিদা আক্তার জুঁই (২০) এবং তার মা জাকিয়া আক্তার।

স্থানীয় বাসিন্দা ও পুলিশ জানায়, পরশুরাম থেকে ফেনীর দিকে আসা একটি যাত্রীবাহী সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি মুরগিবাহী পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই কাওছার ও ওয়াহিদা আক্তার জুঁই মারা যান।

পরে আহতদের উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় জাকিয়া আক্তারের মৃত্যু হয়। দুর্ঘটনায় আহত অপর দুইজন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

ফেনীর অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল ইসলাম জানান, দুর্ঘটনায় ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয়। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হলে সেখানে আরও একজন মারা যান। নিহতদের মরদেহ ফুলগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে।

তিনি আরও বলেন, দুর্ঘটনার কারণ অনুসন্ধানে কাজ করছে পুলিশ। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

 

এমএ//

 

এ সম্পর্কিত আরও পড়ুন