শিক্ষার্থীকে শাসনের জেরে ৩ শিক্ষিকার ওপর হামলার অভিযোগ
পাবনার ঈশ্বরদী উপজেলায় এক শিক্ষার্থীকে শাসন করার ঘটনাকে কেন্দ্র করে একটি বিদ্যালয়ের তিন শিক্ষিকার ওপর হামলা ও মারধরের অভিযোগ উঠেছে শিক্ষার্থীর অভিভাবক ও তাদের স্বজনদের বিরুদ্ধে।
বৃহস্পতিবার (২৫ জুন) উপজেলার লক্ষ্মীকুণ্ডা ইউনিয়নের চরকুড়ুলিয়া এলাকার সেলিম রেজা আদর্শ বিদ্যানিকেতনে এ ঘটনা ঘটে। ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশাদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
আহত শিক্ষিকারা হলেন প্রধান শিক্ষিকা শামিমা নাসরিন, ধর্মীয় শিক্ষক ঝর্ণা খাতুন সাথী এবং সেলিনা বেগম। তাদের মধ্যে গুরুতর আহত ঝর্ণা খাতুন সাথীকে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। চিকিৎসকদের মতে, তিনি বর্তমানে আশঙ্কামুক্ত।
বিদ্যালয় সূত্রে জানা যায়, পঞ্চম শ্রেণির এক শিক্ষার্থী পড়া না পারায় বিদ্যালয়ের পরিচালক সেলিম রেজা তাকে শাসন করেন। পরে ওই শিক্ষার্থী বিষয়টি পরিবারের সদস্যদের জানালে তার মা বিদ্যালয়ে এসে শিক্ষক-শিক্ষিকাদের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন। অভিযোগ রয়েছে, কিছু সময় পর কয়েকজন স্বজন নিয়ে তিনি পুনরায় বিদ্যালয়ে এসে শিক্ষিকাদের ওপর হামলা চালান।
প্রত্যক্ষদর্শীদের দাবি, হামলার সময় ধর্মীয় শিক্ষক ঝর্ণা খাতুন সাথীর গলায় ওড়না পেঁচিয়ে টানাহেঁচড়া করা হয় এবং তাকে বিদ্যালয়ের বাইরে নিয়ে যাওয়া হয়। এতে তিনি অসুস্থ হয়ে পড়লে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।
বিদ্যালয়ের পরিচালক সেলিম রেজা জানান, তিনি জরুরি কাজে বিদ্যালয়ের বাইরে থাকাকালীন এ হামলার ঘটনা ঘটে।
পি/ডি