বেনজীরকে ফেরানোর বিষয়ে এখনো সাড়া দেয়নি আমিরাত: স্বরাষ্ট্রমন্ত্রী
সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে সংযুক্ত আরব আমিরাত (ইউএই) সরকারের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক জবাব পাওয়া যায়নি বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
শুক্রবার (২৬ জুন) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ‘মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস-২০২৬’ উপলক্ষে আয়োজিত আলোচনা সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বেনজীর আহমেদের গ্রেপ্তারের পর আবুধাবির ফেডারেল পুলিশ ই-মেইলের মাধ্যমে বাংলাদেশ সরকারকে বিষয়টি অবহিত করে। একই সঙ্গে তাকে দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়ার জন্য ৩০ দিনের মধ্যে প্রয়োজনীয় নথিপত্র চাওয়া হয়।
তিনি জানান, বাংলাদেশ সরকার নির্ধারিত সময়ের অনেক আগেই প্রয়োজনীয় কাগজপত্র প্রস্তুত করে। মাত্র তিন দিনের মধ্যে সব নথি সম্পন্ন করে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ইউএই সরকারের কাছে পাঠানো হয়েছে।
তবে এখন পর্যন্ত এ বিষয়ে আমিরাত সরকারের কাছ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি আশা প্রকাশ করেন, শিগগিরই এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছ থেকে উত্তর পাওয়া যাবে।
এক প্রশ্নের জবাবে তিনি শহীদ ওসমান হাদি হত্যা মামলার অগ্রগতি সম্পর্কেও কথা বলেন। মন্ত্রী জানান, এ ঘটনায় অভিযুক্ত তিনজনকে ভারতীয় কর্তৃপক্ষ গ্রেপ্তার করেছে এবং তারা বর্তমানে কলকাতায় রয়েছেন বলে জানা গেছে। তাদের বিরুদ্ধে ভারতীয় আইন অনুযায়ী আদালতে মামলা চলছে।
তিনি বলেন, প্রত্যর্পণ চুক্তির আওতায় অভিযুক্তদের দেশে ফিরিয়ে আনতে প্রয়োজনীয় নথিপত্র ইতোমধ্যে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ভারত সরকারের কাছে পাঠানো হয়েছে। সরকার তাদের প্রত্যাবর্তনের অপেক্ষায় রয়েছে। অভিযুক্তদের ফিরিয়ে আনা গেলে মামলার তদন্ত সম্পন্ন করে অভিযোগপত্র দাখিল করা সম্ভব হবে।
সীমান্ত পরিস্থিতি নিয়ে এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সীমান্তে আমরা একজনকেও পুশইন হতে দেইনি। বিজিবি সতর্ক অবস্থানে রয়েছে। আমরা কূটনৈতিকভাবে আহ্বান জানিয়েছি, যদি কোনো বাংলাদেশি সেখানে থেকে থাকে, তাহলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে তালিকা দিতে পারে ভারত। নাগরিকত্ব যাচাই-বাছাই করে এ বিষয়ে পদক্ষেপ নেওয়া হবে।
এমএ//