দুই দিনের ব্যবধানে স্বর্ণের দামে বড় পরিবর্তন
দাম বাড়া-কমার হিসাব নিয়ে দেশের স্বর্ণের বাজারে চলছে নতুন সমীকরণ। কয়েকদিনের ব্যবধানে আবারও কমানো হলো স্বর্ণের দাম। টানা দ্বিতীয়বারের মতো দেশের বাজারে স্বর্ণের মূল্য কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।
বৃহস্পতিবার (২৫ জুন) সকালে বাজুস এক বিজ্ঞপ্তিতে জানায়, প্রতি ভরি স্বর্ণের দাম ২ হাজার ২১৬ টাকা কমানো হয়েছে।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের গহনার দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২৩ হাজার ৭৪ টাকা। নতুন এ মূল্য সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে।
বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের দাম কমে যাওয়ার কারণে সার্বিক পরিস্থিতি বিবেচনায় এনে স্বর্ণের নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে।
নতুন দাম অনুযায়ী, ২১ ক্যারেটের এক ভরি স্বর্ণের গহনার মূল্য কমেছে ২ হাজার ৯৯ টাকা। এখন এই মানের স্বর্ণের দাম দাঁড়িয়েছে ২ লাখ ১৩ হাজার ৪৩ টাকা।
এ ছাড়া ১৮ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম কমানো হয়েছে ১ হাজার ৮০৮ টাকা। নতুন মূল্য অনুযায়ী, এ মানের স্বর্ণ কিনতে গুনতে হবে ১ লাখ ৮২ হাজার ৯৫০ টাকা।
অন্যদিকে সনাতন পদ্ধতির এক ভরি স্বর্ণের গহনার দাম কমেছে ১ হাজার ৪৫৮ টাকা। নতুন নির্ধারিত মূল্য অনুযায়ী, এর দাম হয়েছে ১ লাখ ৪৯ হাজার ৪৭৪ টাকা।
এর আগে বুধবার (২৪ জুন) ভালো মানের এক ভরি স্বর্ণের দাম কমানো হয়েছিল ৫ হাজার ৪৮২ টাকা। ফলে মাত্র দুই দিনের ব্যবধানে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম কমেছে মোট ৭ হাজার ৬৯৮ টাকা।
তবে রুপার গহনার ক্ষেত্রে আগের নিয়মই বহাল রাখা হয়েছে। নির্ধারিত দামের ওপর রুপার গহনা কিনতে ক্রেতাদের ৫ শতাংশ ভ্যাট পরিশোধ করতে হবে।
এসি//