জাতীয়

বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম, চার মাসের মধ্যে সর্বনিম্নে

মধ্যপ্রাচ্যে সাম্প্রতিক উত্তেজনা কিছুটা প্রশমিত হওয়ায় আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম আবারও কমতে শুরু করেছে। এর ফলে অপরিশোধিত তেলের দাম প্রায় চার মাসের মধ্যে সর্বনিম্ন অবস্থানের কাছাকাছি পৌঁছেছে।

বুধবার (২৪ জুন) সকালে আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুড তেলের দাম ব্যারেলপ্রতি ৩৭ সেন্ট বা প্রায় ০.৫ শতাংশ কমে ৭৬ দশমিক ৭১ ডলারে লেনদেন হয়েছে। একই সময়ে যুক্তরাষ্ট্রের বেঞ্চমার্ক ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ক্রুডের দাম ৩৬ সেন্ট বা ০.৫ শতাংশ কমে ব্যারেলপ্রতি ৭২ দশমিক ৮৫ ডলারে নেমে আসে। এর আগের দিনও উভয় ধরনের তেলের দাম প্রায় ১ শতাংশ কমেছিল।

বিশ্লেষকদের মতে, হরমুজ প্রণালিতে তেলবাহী জাহাজ চলাচল স্বাভাবিক হওয়ার লক্ষণ দেখা যাওয়ায় বাজারে সরবরাহ নিয়ে উদ্বেগ কমেছে। ফলে তেলের দামে নিম্নমুখী চাপ তৈরি হয়েছে।

হিসাব অনুযায়ী, এক ব্যারেল অপরিশোধিত তেলে প্রায় ১৫৯ লিটার থাকে। বর্তমান বিনিময় হার ধরে ব্রেন্ট ক্রুডের প্রতি ব্যারেলের মূল্য বাংলাদেশি মুদ্রায় প্রায় ৯ হাজার ৪৩৫ টাকা, অর্থাৎ প্রতি লিটার প্রায় ৫৯ টাকা ৩০ পয়সা। অন্যদিকে ডব্লিউটিআই ক্রুডের প্রতি ব্যারেলের দাম প্রায় ৮ হাজার ৯৬০ টাকা, যা লিটারপ্রতি প্রায় ৫৬ টাকা ৩৫ পয়সার সমান।

তবে এই মূল্য শুধুমাত্র কাঁচা তেলের আন্তর্জাতিক বাজারদর। বাস্তবে ভোক্তা পর্যায়ে জ্বালানি তেলের দাম নির্ধারণের সময় শোধনাগার ব্যয়, পরিবহন খরচ, কর, শুল্ক এবং বিপণন ব্যয়সহ বিভিন্ন বিষয় বিবেচনায় নেওয়া হয়।

বাজার পর্যবেক্ষকদের ধারণা, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা কিছুটা কমে আসা এবং হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল অব্যাহত থাকায় বৈশ্বিক জ্বালানি সরবরাহ পরিস্থিতি স্থিতিশীল হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। এরই প্রভাব পড়ছে তেলের বাজারে।

 

এমএ//

এ সম্পর্কিত আরও পড়ুন