বিশ্ববাজারে কমলো তেলের দাম
বিশ্ববাজারে টানা কয়েক দিন দাম বাড়ার পর কমেছে জ্বালানি তেলের দর। সোমবার (২৬ অক্টোবর) যুক্তরাষ্ট্রের অপরিশোধিত তেল ও আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুডের দাম প্রায় ২ শতাংশ কমেছে। তবে সৌদি আরবে হুথিদের ধারাবাহিক হামলায় তেলের সরবরাহ নিয়ে উদ্বেগ কাটেনি।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, সোমবার বাংলাদেশ সময় সকাল ৮টা ৩২ মিনিটে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট বা ডব্লিউটিআই তেলের দাম ব্যারেলপ্রতি ২ ডলার ১৪ সেন্ট কমে দাঁড়ায় ১০১ ডলার ১৩ সেন্টে। দাম কমার হার ছিল ২ দশমিক ০৭ শতাংশ। একই সময়ে আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুডের দাম ২ ডলার ১২ সেন্ট বা ১ দশমিক ৮২ শতাংশ কমে ব্যারেলপ্রতি ১১৪ ডলার ৬০ সেন্টে নেমে আসে।
এর আগে গত সপ্তাহের শেষ দিকে প্রায় ছয় মাসের মধ্যে সর্বোচ্চ দামের কাছাকাছি পৌঁছায় জ্বালানি তেল। শুক্রবার সৌদি আরবে হুথিদের হামলার পর সরবরাহ নিয়ে উদ্বেগ বাড়লে তেলের দাম প্রায় ৩ ডলার বেড়ে যায়। সপ্তাহজুড়ে ব্রেন্ট ক্রুডের দাম বাড়ে ৬ শতাংশ। আর ডব্লিউটিআইয়ের দাম বৃদ্ধি পায় ২ দশমিক ৩ শতাংশ।
সপ্তাহান্তেও সৌদি আরবে হামলা অব্যাহত থাকে। শনিবার দেশটির বিমানবন্দর ও তেল স্থাপনায় হামলা চালানোর দাবি করে হুথিরা। রোববার সৌদি আরব জানায়, তারা আরও কয়েকটি ক্ষেপণাস্ত্র ও ড্রোন প্রতিহত করেছে। হামলায় ক্ষতিগ্রস্ত দেশটির প্রধান বিমানবন্দরে রোববার আংশিক কার্যক্রমও শুরু হয়। তবে ওই স্থাপনায় হামলা অব্যাহত রাখার হুমকি দিয়েছে সশস্ত্র গোষ্ঠীটি।
এদিকে আঞ্চলিক জ্বালানি সরবরাহব্যবস্থা আরও স্থিতিশীল করার উদ্যোগ নিয়েছে সৌদি আরব। ২০২৭ সালের দ্বিতীয়ার্ধ থেকে সিঙ্গাপুরে অপরিশোধিত তেল মজুতের পরিকল্পনা করেছে দেশটি। সোমবার সৌদি আরব ও সিঙ্গাপুরের জ্বালানিমন্ত্রীরা এ তথ্য জানান।
অন্যদিকে, যুক্তরাষ্ট্রের লুইজিয়ানা অঙ্গরাজ্যের একটি তেল শোধনাগারে সরবরাহ বিঘ্নের প্রভাব সামাল দিতে কৌশলগত পেট্রোলিয়াম মজুত থেকে ৪ লাখ ব্যারেল তেল ছাড়ের অনুমোদন দিয়েছে দেশটির জ্বালানি বিভাগ।
এসি//