জাতীয়

১১৫ দিন পর হরমুজ প্রণালি পাড়ি দিল ‘বাংলার জয়যাত্রা’

দীর্ঘ প্রায় চার মাস পর অবশেষে হরমুজ প্রণালি অতিক্রম করেছে বাংলাদেশ শিপিং করপোরেশনের জাহাজ ‘এমভি বাংলার জয়যাত্রা’। সোমবার (২২ জুন) দিবাগত রাত তিনটার দিকে জাহাজটি গুরুত্বপূর্ণ এই নৌপথ পেরিয়ে সংযুক্ত আরব আমিরাতের দিকে যাত্রা শুরু করে।

ইরানকে ঘিরে আঞ্চলিক উত্তেজনা ও নিরাপত্তা সংকটের কারণে জাহাজটি প্রায় ১১৫ দিন পারস্য উপসাগর এলাকায় অবস্থান করছিল। ইরানি কর্তৃপক্ষের অনুমতি পাওয়ার পর হরমুজ অতিক্রম করতে সক্ষম হয় জাহাজটি। এর মাধ্যমে জাহাজে থাকা ৩১ জন বাংলাদেশি নাবিকের দীর্ঘ অনিশ্চয়তারও অবসান ঘটেছে।

জাহাজ চলাচল পর্যবেক্ষণকারী আন্তর্জাতিক প্ল্যাটফর্মের মেরিন ট্রাফিকের তথ্য অনুযায়ী, হরমুজ প্রণালি পেরিয়ে জাহাজটি বর্তমানে সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরা বন্দরের দিকে অগ্রসর হচ্ছে।

জাহাজটির প্রধান প্রকৌশলী রাশেদুল হাসান জানান, বাংলাদেশ সময় রাত ৩টা ১২ মিনিটে তারা সফলভাবে হরমুজ প্রণালি অতিক্রম করেন। দীর্ঘদিনের অপেক্ষা শেষে সবাই স্বস্তি ও আনন্দ অনুভব করছেন বলেও তিনি উল্লেখ করেন।

বাংলাদেশ শিপিং করপোরেশন (বিএসসি) জানিয়েছে, ঝুঁকিপূর্ণ জলসীমা অতিক্রমের পুরো সময় নৌপরিবহন মন্ত্রণালয় ও সংস্থাটির ঊর্ধ্বতন কর্মকর্তারা জাহাজটির গতিবিধি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন এবং প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।

বিএসসির ব্যবস্থাপনা পরিচালক কমোডর মাহমুদুল মালেক বলেন, হরমুজ প্রণালিতে এখনো স্বাভাবিক নৌচলাচল পুরোপুরি চালু হয়নি। তবে বিশেষ অনুমতির ভিত্তিতে সীমিত আকারে কিছু জাহাজ চলাচল করছে। সেই সুযোগেই ‘বাংলার জয়যাত্রা’ নিরাপদে প্রণালি অতিক্রম করতে পেরেছে।

জাহাজটি চলতি বছরের ২ ফেব্রুয়ারি ভারত থেকে পণ্য নিয়ে হরমুজ প্রণালি পেরিয়ে পারস্য উপসাগরে প্রবেশ করে। পরে কাতার থেকে স্টিল কয়েল বহন করে সংযুক্ত আরব আমিরাতের জেবেল আলী বন্দরে পৌঁছায়। এরপর আঞ্চলিক সংঘাত তীব্র হয়ে উঠলে নিরাপত্তাজনিত কারণে জাহাজটি পারস্য উপসাগরেই আটকে পড়ে।

জাহাজের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, সংকটকালে একাধিকবার হরমুজ প্রণালি পার হওয়ার চেষ্টা করা হলেও তা সম্ভব হয়নি। শেষ পর্যন্ত দীর্ঘ ১১৫ দিনের প্রতীক্ষার পর নিরাপদে যাত্রা অব্যাহত রাখতে সক্ষম হয়েছে ‘বাংলার জয়যাত্রা’।

 

এমএ//

এ সম্পর্কিত আরও পড়ুন