মেসির জোড়া গোলে নকআউটে আর্জেন্টিনা
আলজেরিয়াকে ৩-০ গোলে হারিয়ে বিশ্বকাপের শুরুটা দারুণ হয়েছিল ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনার। সেই ধারাবাহিকতা বজায় রেখে দ্বিতীয় ম্যাচেও আস্ট্রিয়ার বিপক্ষে মেসির জোড়া গোলে জয় নিশ্চিত করে বিশ্বকাপের নকআউট পর্ব নিশ্চিত করেছে আলবিসেলেস্তারা।
সোমবার (২২ জুন) দিবাগত রাতে মেসির গোলের প্রথমার্ধে এগিয়ে যায় আর্জেন্টিনা। অতিরিক্ত সময়ের শেষ মিনিটে আরও একটি গোল করেন এই ফুটবল জাদুকর।
এদিন ম্যাচের ৯ মিনিটে লাউতারো মার্টিনেজ ডি-বক্সে ফাউলের শিকার হলে পেনাল্টি পায় আর্জেন্টিনা। কিন্তু অধিনায়ক লিওনেল মেসি স্পট কিক থেকে শট নিলেও বল জালে জড়াতে ব্যর্থ হন।
চলতি বিশ্বকাপের প্রথম পেনাল্টি মিস করেছেন আর্জেন্টিনা অধিনায়ক। ম্যাচের ১৯ মিনিটে আরও একটি সুযোগ এসেছিল মেসির সামনে। লাউতারো মার্তিনেজের বাড়ানো পাস থেকে মেসির নেওয়া শটটি পা বাড়িয়ে ঠেকিয়ে দেন অস্ট্রিয়ার গোলরক্ষক আলেক্সান্ডার শ্লাগার।
খেলার ৩৮ মিনিটে মাঠের বাঁ প্রান্ত থেকে মেদিনার দুর্দান্ত ক্রস আসে, যা আলমাদা দারুণভাবে ডামি করেন। বলটি আয়ত্তে নিয়ে মেসি তার বাঁ পায়ের শটে অস্ট্রিয়ার গোলকিপার আলেকজান্ডার শ্লাজারকে পরাস্ত করেন।
এই গোলের মাধ্যমে বিশ্বকাপে সর্বোচ্চ গোলদাতার সিংহাসন এখন এককভাবে লিওনেল মেসির দখলে। প্রথমার্ধ শেষে আর্জেন্টিনা ১-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায়।
বিরতির পরও আক্রমণের ধার বজায় রাখে আর্জেন্টিনা। মেসি, রদ্রিগো ডি পল ও লাউতারো মার্তিনেজের সমন্বিত আক্রমণে চাপে পড়ে অস্ট্রিয়ার রক্ষণভাগ।
৫০ মিনিটে গোলমুখে আরেকটি সুযোগ পেয়েছিলেন মেসি। শেষ মুহূর্তে নিকোলাস সাইভাল্ড বিপদ সামাল দেন। যদিও পরে অফসাইডের পতাকা ওঠে।
ম্যাচের অতিরিক্ত সময়ে ইতিহাস গড়া রাতটিকে আরও স্মরণীয় করে তোলেন মেসি। ৯০+৫ মিনিটে মাঝমাঠ থেকে নিখুঁত পাসে বল পাঠান বাঁ দিকে থাকা হুলিয়ান আলভারেজের কাছে। আর্জেন্টাইন ফরোয়ার্ডের প্রথম শটটি ঠেকিয়ে দেন অস্ট্রিয়ার গোলরক্ষক আলেক্সান্ডার শ্লাগার। তবে ফিরতি বলে আবারও হাজির মেসি।
প্রথম প্রচেষ্টাটি প্রতিপক্ষের ডিফেন্ডারের গায়ে লেগে প্রতিহত হলেও দ্বিতীয় চেষ্টায় আর ভুল করেননি তিনি। চোখধাঁধানো শটে বল জালে জড়িয়ে দেন আর্জেন্টাইন অধিনায়ক। ফলে, বিশ্বকাপে ২৮ ম্যাচে তার গোলসংখ্যা ১৮। এবারের বিশ্বকাপে ২ ম্যাচে এলএমটেনের গোল ৫টি।
এই জয়ে জি গ্রুপ থেকে নকআউট রাউন্ডে পা রাখল ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। টানা দুই জয়ে ৬ পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে আলবিসেলেস্তেরা। সমান ম্যাচে এক জয়ে ৩ পয়েন্ট নিয়ে দুইয়ে অস্ট্রিয়া।
আর/আই