মুখ ঢেকে কথা বলায় বিশ্বকাপে ‘লাল কার্ড’
ফুটবল মাঠে তর্কের সময় হাত দিয়ে মুখ ঢেকে কথা বলার চেনা দৃশ্যটি এখন থেকে নিষিদ্ধ ও শাস্তিযোগ্য অপরাধ। চলমান বিশ্বকাপে ফিফার প্রবর্তিত এই নতুন নিয়মের প্রথম শিকার হয়েছেন প্যারাগুয়ের তারকা ফুটবলার মিগেল আলমিরন।
শনিবার (২০ জুন) গ্রুপ ‘ডি’ এর দ্বিতীয় ম্যাচে প্যারাগুয়ে বনাম তুরস্কের ম্যাচে প্রথমার্ধের শেষদিকে প্যারাগুয়ের ‘নাম্বার টেন’ আলমিরন যখন হাত দিয়ে মুখ ঢেকে প্রতিপক্ষকে কিছু বলছিলেন, তখনই বিষয়টি রেফারির নজরে আনেন তুর্কি ফুটবলাররা।
ম্যাচ কর্মকর্তারা ভিএআর (VAR) ও মাঠের পরিস্থিতি পর্যালোচনা করে আলমিরনের এই আচরণকে নতুন নিয়মের গুরুতর লঙ্ঘন হিসেবে গণ্য করেন।এর ফলে রেফারি তাকে সরাসরি লাল কার্ড দেখালে গুরুত্বপূর্ণ সময়ে ১০ জনের দলে পরিণত হয় প্যারাগুয়ে।
ফুটবল বিশ্বের জন্য একেবারেই নতুন ও নজিরবিহীন এই সিদ্ধান্তকে ম্যাচের ধারাভাষ্যকাররা ‘অবিশ্বাস্য’ বলে অভিহিত করেছেন।
উল্লেখ্য , চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে ভিনিসিয়ুস জুনিয়রকে মুখ ঢেকে কিছু একটা বলেছিলেন জিয়ানলুকা প্রেস্তিয়ান্নি। ব্রাজিলিয়ান তারকা দাবি করেছিলেন, তাকে বর্নবাদী গালি দিয়েছেন। সেই ঘটনায় প্রেস্তিয়ান্নি লাল কার্ড তো দেখেছেনই, ফিফা নতুন আইন করতেও বাধ্য হয়েছে।
ফিফার নিয়ম প্রণয়নকারী সংস্থা আইএফএবি এক বিবৃতিতে জানায়, মূলত বর্ণবাদ বা বৈষম্যমূলক আচরণ গোপন করার উদ্দেশ্যে মুখ ঢাকার ঘটনায় লাল কার্ডের বিধান সর্বসম্মতিক্রমে অনুমোদন করা হয়েছে।
আর/আই