খেলাধুলা

যুক্তরাষ্ট্রে আর্জেন্টাইন সমর্থকদের গাড়িতে গুলি, নিহত ১

ছবি: সংগৃহীত

ফিফা বিশ্বকাপ ২০২৬ চলাকালে যুক্তরাষ্ট্রের কানসাস সিটিতে একাধিক গুলিবর্ষণের ঘটনায় একজন নিহত এবং অন্তত চারজন আহত হয়েছেন। আহতদের মধ্যে আর্জেন্টিনা সমর্থকদের বহনকারী একটি উবারের চালকও রয়েছেন। এ ঘটনায় বিশ্বকাপকে ঘিরে নিরাপত্তা ব্যবস্থা নিয়ে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে।

পুলিশের দেওয়া তথ্যমতে, স্থানীয় সময় মঙ্গলবার (১৬ জুন) সন্ধ্যা ৬টা থেকে সাড়ে ৬টার মধ্যে শহরের বিভিন্ন এলাকায় গুলির ঘটনা ঘটে। একই সময়ে ইন্টারস্টেট-৭০ ও ইন্টারস্টেট-৬৭০ মহাসড়কেও গুলি চালানো হয়। ঘটনাগুলো ঘটে অ্যারোহেড স্টেডিয়ামের আশপাশে, যেখানে তখন আর্জেন্টিনা ও আলজেরিয়ার মধ্যকার বিশ্বকাপ ম্যাচ চলছিল।  

আর্জেন্টিনা সমর্থকরা জানায়, একটি গাড়ি তাদের বহনকারী উবারের পাশে এসে আচমকা গুলি ছুড়ে পালিয়ে যায়। গুলিতে উবার চালকের পায়ে আঘাত লাগে। তবে প্রথমে তারা বিষয়টিকে টায়ার বিস্ফোরণের ঘটনা বলে মনে করেছিলেন।

আহত চালককে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। পুলিশ জানিয়েছে, তার আঘাত গুরুতর হলেও প্রাণঘাতী নয়। তবে একই ঘটনায় আহত আরও কয়েকজনের মধ্যে একজন পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

এদিকে ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে ২২ বছর বয়সী এক ব্যক্তিকে খুঁজছে আইনশৃঙ্খলা বাহিনী। তাকে ‘সশস্ত্র ও অত্যন্ত বিপজ্জনক’ হিসেবে ঘোষণা করা হয়েছে। ঘটনার পর কানসাস সিটিজুড়ে নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং হামলার উদ্দেশ্য জানতে তদন্ত চালিয়ে যাচ্ছে পুলিশ।

 

সূত্র - ইউ.এস. নিউজ অ্যান্ড ওয়ার্ল্ড রিপোর্ট

 

পি/ডি 

এ সম্পর্কিত আরও পড়ুন