৯ জনের কাতারকে উড়িয়ে দিল কানাডা, ডেভিডের হ্যাটট্রিক
২০২৬ ফিফা বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে বড় জয় পেয়েছে স্বাগতিক কানাডা। ভ্যাঙ্কুভারের বিসি প্লেস স্টেডিয়ামে শুক্রবার গ্রুপ পর্বের ম্যাচে ৯ জনের কাতারকে ৬-০ গোলে হারিয়েছে জেসি মার্শের দল।
ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে কানাডা। ১২ মিনিটে এগিয়ে যায় স্বাগতিকরা। জোনাথন ডেভিডের জোরালো শট কাতারের গোলরক্ষক মাহমুদ আবুনাদা ফিরিয়ে দিলেও বল নিয়ন্ত্রণে রাখতে পারেননি। ফিরতি বল থেকে সহজেই গোল করেন কানাডার স্ট্রাইকার সাইল লারিন।
২৯ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন জোনাথন ডেভিড। এরপরই বড় ধাক্কা খায় কাতার। কানাডার তেজন বুকানানকে বক্সের ঠিক বাইরে ফাউল করায় হোমাম আহমেদকে সরাসরি লাল কার্ড দেখান রেফারি। শুরুতে পেনাল্টির সিদ্ধান্ত দেওয়া হলেও ভিএআর পর্যালোচনার পর সেটি বদলে ফ্রি-কিক দেওয়া হয়। তবে লাল কার্ড বহাল থাকায় ১০ জনে নেমে যায় কাতার।
একজন বেশি নিয়ে খেলার সুবিধা বিরতির আগেই কাজে লাগায় কানাডা। প্রথমার্ধের শেষদিকে নিজের দ্বিতীয় ও দলের তৃতীয় গোল করেন ডেভিড। তাতে ৩-০ ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায় স্বাগতিকরা।
দ্বিতীয়ার্ধের শুরুতেই কাতারের বিপর্যয় আরও বাড়ে। ৫৩ মিনিটে ইসমায়েল কোনেকে বিপজ্জনক ট্যাকল করায় সরাসরি লাল কার্ড দেখেন আসিম মাদিবো। ওই ফাউলে চোট পেয়ে মাঠ ছাড়তে বাধ্য হন কোনে। ফলে ম্যাচের বাকি সময় ৯ জন নিয়ে খেলতে হয় কাতারকে।
এরপর ম্যাচ পুরোপুরি কানাডার নিয়ন্ত্রণে চলে যায়। ৬৪ মিনিটে ফ্রি-কিক থেকে দারুণ গোল করেন নাথান সালিবা। গোলের পর চোট পাওয়া সতীর্থ কোনের জার্সি তুলে ধরে আবেগঘন উদ্যাপন করেন তিনি।
৭৫ মিনিটে কাতারের ডিফেন্ডার মোহাম্মদ মানাইয়ের আত্মঘাতী গোলে স্কোরলাইন হয় ৫-০। শেষ দিকে নিজের হ্যাটট্রিক পূর্ণ করেন জোনাথন ডেভিড। তার তৃতীয় গোলেই ৬-০ ব্যবধানের দাপুটে জয় নিশ্চিত করে কানাডা।
চলতি বিশ্বকাপে এটি দ্বিতীয় হ্যাটট্রিক। এর আগে আসরের প্রথম হ্যাটট্রিকটি করেছিলেন আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসি।
ডেভিডের হ্যাটট্রিক, কাতারের দুই লাল কার্ড এবং কানাডার একতরফা আধিপত্যে স্বাগতিকদের জন্য ম্যাচটি হয়ে উঠেছে আত্মবিশ্বাস বাড়ানোর উপলক্ষ। অন্যদিকে টানা দ্বিতীয় ম্যাচে হতাশাজনক পারফরম্যান্সে কঠিন সমীকরণের মুখে পড়েছে কাতার।
পি/ডি