ভোজিনহার পাশে দাঁড়াচ্ছে যুক্তরাষ্ট্র!
স্পেনের বিপক্ষে চীনের মহাপ্রাচীর হয়ে দাড়ানো কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনহার অতিমানবীয় পারফরম্যান্সের পর তিনি এখন বিশ্ব ফুটবলের তুমুল আলোচনায়। ম্যাচ শেষে আবেগাপ্লুত হয়ে তিনি বলছিলেন, ভিসা–সংক্রান্ত খরচ বহন করতে না পারায় তার মা যুক্তরাষ্ট্রে আসতে পারেননি। ভোজিনহার এমন মন্তব্য মুহূর্তেই ছড়িয়ে পড়ে বিশ্বজুড়ে।
বিষয়টি নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছে মার্কিন পররাষ্ট্র দপ্তরের এক কর্মকর্তা। তিনি জানান, ভোজিনহার মায়ের কোনো ভিসা আবেদন আমাদের রেকর্ডে নেই। বিশ্বকাপে অংশ নেওয়া খেলোয়াড়দের পরিবারের সদস্যরা ভিসা বন্ড ছাড়ের সুবিধা পান। আমরা তার পরিবারের সঙ্গে যোগাযোগ করে প্রয়োজনীয় সহায়তা দেওয়ার চেষ্টা করছি।
সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে, ভোজিনহার মায়ের বর্তমানে বৈধ পাসপোর্ট নেই। তিনি নতুন পাসপোর্ট সংগ্রহের প্রক্রিয়ায় আছেন। যুক্তরাষ্ট্রের বর্তমান নীতিমালা অনুযায়ী, কিছু দেশের নাগরিকদের ভিসা পাওয়ার ক্ষেত্রে সর্বোচ্চ ১৫ হাজার ডলার পর্যন্ত বন্ড জমা দিতে হতে পারে। তবে বিশ্বকাপে অংশ নেওয়া খেলোয়াড়, কোচ, কর্মকর্তা ও তাদের নিকটাত্মীয়দের জন্য এ নিয়ম শিথিল করা হয়েছে।
৪০ বছর বয়সী ভোজিনহা স্পেনের বিপক্ষে সাতটি দুর্দান্ত সেভ করে বিশ্বকাপের অন্যতম বড় অঘটন উপহার দেন। তার নৈপুণ্যে ইউরোপের চ্যাম্পিয়নদের রুখে দেয় মাত্র সাড়ে পাঁচ লাখ মানুষের দেশ কেপ ভার্দে।
এই পারফরম্যান্সের পর তার ইনস্টাগ্রাম অনুসারীর সংখ্যা কয়েক লাখ থেকে বেড়ে প্রায় এক কোটির কাছাকাছি পৌঁছে গেছে।
আর/আই