খেলাধুলা

ফিফার নথিগত জটিলতায় যুক্তরাষ্ট্র যাত্রায় নাটকীয় বিপাকে উরুগুয়ে

বিশ্বকাপের প্রথম ম্যাচের আগে শেষ মুহূর্তে বড় ধরনের অনিশ্চয়তায় পড়ে গিয়েছিল উরুগুয়ে। মেক্সিকো থেকে মায়ামির উদ্দেশে যাত্রার কথা থাকলেও ফিফার নথিপত্রজনিত জটিলতায় দলটির ফ্লাইট দীর্ঘ সময় আটকে যায়, তৈরি হয় উদ্বেগ ও অনিশ্চয়তা। তবে সব জটিলতা কাটিয়ে শেষ পর্যন্ত যুক্তরাষ্ট্রের উদ্দেশে রওনা দেয় উরুগুইয়ান দল।

উরুগুয়ের আগামী ম্যাচ সৌদি আরবের বিপক্ষে, যা অনুষ্ঠিত হবে মঙ্গলবার বাংলাদেশ সময় ভোর ৪টায় (মায়ামি সময় সোমবার সন্ধ্যা ৬টা)।

বিশ্বকাপের নিয়ম অনুযায়ী, ম্যাচের অন্তত ২৪ ঘণ্টা আগে স্বাগতিক শহরে পৌঁছানো বাধ্যতামূলক। কিন্তু তার আগেই তৈরি হয় এই ভ্রমণ–জটিলতা।

উরুগুইয়ান সংবাদমাধ্যমের বরাতে জানা যায়, মেক্সিকোর কানকুন থেকে নির্ধারিত চার্টার্ড ফ্লাইট যুক্তরাষ্ট্রে প্রবেশের অনুমতি পায়নি। কাগজপত্র যাচাইয়ের সময় উঠে আসে, উড্ডয়নের বিশেষ অনুমতিপত্র প্রস্তুতে ঘাটতি ছিল ফিফার দিক থেকে। ফলে বাধ্য হয়ে দলটির জন্য পরে আরেকটি বিকল্প ফ্লাইটের ব্যবস্থা করা হয় দক্ষিণ ফ্লোরিডার উদ্দেশে।

উরুগুয়ে ফুটবল ফেডারেশন (এইউএফ) এক বিবৃতিতে জানায়, তাদের নিয়ন্ত্রণের বাইরে থাকা প্রশাসনিক সমস্যার কারণে যাত্রা বিলম্বিত হয়েছে।

বিবৃতিতে বলা হয়, দল বর্তমানে হোটেলে বিশ্রামে রয়েছে এবং ফিফা নতুন প্রস্থানের সময় নির্ধারণ করেছে স্থানীয় সময় বিকেল ৪টা ১৫ মিনিটে।

এইউএফ আরও নিশ্চিত করে যে, বিলম্বের মূল কারণ ফিফার দিক থেকেই এসেছে। এ বিষয়ে এক প্রশ্নের জবাবে সংগঠনের মুখপাত্র স্পষ্টভাবে জানান, বিষয়টি সত্য। তবে এ নিয়ে ফিফার পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।

এই দেরির প্রভাব পড়ে ম্যাচ-পূর্ব সূচিতেও। কোচ মার্সেলো বিয়েলসা এবং ডিফেন্ডার হোসে মারিয়া হিমেনেসের সংবাদ সম্মেলন নির্ধারিত সময়ে অনুষ্ঠিত হতে পারেনি। পরে সেটি সন্ধ্যা ৬টা ৪৫ মিনিট থেকে পিছিয়ে রাত ৮টায় পুনর্নির্ধারণ করা হয়।

নিয়ম অনুযায়ী, নির্ধারিত সময়ের মধ্যে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন না হলে শাস্তির ঝুঁকি তৈরি হতে পারে উরুগুয়ের জন্য, যদিও পুরো পরিস্থিতির দায় ফিফার দিকেই নির্দেশ করছে দলটি।

ঘটনার মধ্যেই নিজেদের অবস্থান প্রকাশে প্রতীকী প্রতিবাদও জানায় উরুগুয়ে ফুটবল অ্যাসোসিয়েশন। তারা সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে ২০১০ বিশ্বকাপের একটি পুরোনো পোস্ট পুনরায় শেয়ার করে, যেখানে সাবেক তারকা দিয়েগো ফোরলান উল্লেখ করেছিলেন, সেবারও দলের ফ্লাইট শেষ মুহূর্তে বিলম্বিত হয়েছিল—যা এবারও একই ধরনের স্মৃতি ফিরিয়ে এনেছে উরুগুইয়ান শিবিরে।

 

এসি//

এ সম্পর্কিত আরও পড়ুন