আবু সাঈদ হত্যা মামলার পূর্ণাঙ্গ রায় প্রকাশ
জুলাই অভ্যুত্থানে নিহত বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ হত্যা মামলার পূর্ণাঙ্গ রায় প্রকাশ করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। রোববার (১৪ জুন) প্রকাশিত রায়ে দুই পুলিশ সদস্যের মৃত্যুদণ্ড বহাল রাখা হয়েছে।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই আসামি হলেন পুলিশের এএসআই আমির হোসেন ও কনস্টেবল সুজন চন্দ্র রায়। একই রায়ে মামলার অন্য আসামিদের যাবজ্জীবনসহ বিভিন্ন মেয়াদে সশ্রম ও বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
উল্লেখ্য, ২০২৪ সালের ১৬ জুলাই কোটাবিরোধী আন্দোলনের সময় রংপুরে পুলিশের গুলিতে নিহত হন আবু সাঈদ। তিনি বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী ছিলেন।
আন্দোলনের সময় দুই হাত ছড়িয়ে পুলিশের সামনে দাঁড়িয়ে থাকা আবু সাঈদের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। তার মৃত্যুর পর সারাদেশে বিক্ষোভ আরও তীব্র হয়ে ওঠে। পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার কারফিউ জারি করলেও আন্দোলন থামানো যায়নি।
আবু সাঈদের মৃত্যুর ২০ দিন পর, ২০২৪ সালের ৫ আগস্ট গণঅভ্যুত্থানের মুখে ক্ষমতাচ্যুত হয় শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকার।
এমএ//