বালের্দির বদলি হিসেবে আর্জেন্টিনা দলে সেনেসি
চোটের কারণে লিওনার্দো বালের্দি বিশ্বকাপ থেকে ছিটকে পড়ায় আর্জেন্টিনা স্কোয়াডে ডাক পেয়েছেন মার্কোস সেনেসি। আলবিসেলেস্তেদের প্রধান কোচ লিওনেল স্কালোনি ডিফেন্সে নতুন বিকল্প হিসেবে এই বাঁ-পায়ের সেন্টার-ব্যাককে দলে নিয়েছেন।
টটেনহ্যাম হটস্পারে সদ্য যোগ দেওয়া সেনেসি দ্রুতই যুক্তরাষ্ট্রের কানসাসে আর্জেন্টিনা দলের ক্যাম্পে যোগ দেবেন। আলজেরিয়ার বিপক্ষে বিশ্বকাপের প্রথম ম্যাচ সামনে রেখে দলের সঙ্গে প্রস্তুতিতে নামবেন তিনি।
সেনেসির ফুটবল যাত্রা শুরু আর্জেন্টিনার ক্লাব সান লরেঞ্জোতে। পরে ইউরোপিয়ান ফুটবলে নিজেকে প্রতিষ্ঠিত করেন তিনি। গেল মৌসুমে বোর্নমাউথের হয়ে ধারাবাহিক পারফরম্যান্স করলেও আর্জেন্টিনার বিশ্বকাপের ২৬ সদস্যের মূল দলে শুরুতে জায়গা পাননি। তবে ক্লাব ফুটবলে সব প্রতিযোগিতা মিলিয়ে ৩৯ ম্যাচে মাঠে নেমে বোর্নমাউথের ইউরোপা লিগ জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি। সেই পারফরম্যান্সের ধারাবাহিকতায় সম্প্রতি তাকে দলে ভিড়িয়েছে টটেনহ্যাম হটস্পার।
২০২২ সালে প্রথমবার আর্জেন্টিনা জাতীয় দলে ডাক পান সেনেসি। একই সময়ে ইতালির হয়েও খেলার সুযোগ ছিল তার সামনে। তবে শেষ পর্যন্ত আর্জেন্টিনাকেই বেছে নেন তিনি। ওয়েম্বলিতে ইতালিকে হারানো স্কালোনির দলের অংশ ছিলেন এই ডিফেন্ডার।
জাতীয় দলের জার্সিতে এখনো বড় কোনো প্রতিযোগিতামূলক ম্যাচ খেলার সুযোগ হয়নি সেনেসির। এস্তোনিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচে অভিষেকের পর ভেনেজুয়েলা ও মৌরিতানিয়ার বিপক্ষেও আর্জেন্টিনার হয়ে মাঠে নামেন তিনি।
সেনেসিকে অন্তর্ভুক্ত করায় আর্জেন্টিনার স্কোয়াডে বাঁ-পায়ে খেলা সেন্টার-ব্যাকের বিকল্প আরও বেড়েছে। নিকোলাস ওতামেন্দি ও লিসান্দ্রো মার্তিনেজের সঙ্গে এখন ডিফেন্সে যুক্ত হলেন তিনি। স্কোয়াডে আছেন অলিম্পিক মার্শেইয়ের ফাকুন্দো মেদিনাও, যাকে মূলত নিকোলাস টাগলিয়াফিকোর বিকল্প হিসেবে দেখা হচ্ছে।
ফিফার নিয়ম অনুযায়ী, চোটের কারণে বাদ পড়া বালের্দির ২ নম্বর জার্সিই পরবেন সেনেসি।
বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা এবারের বিশ্বকাপে খেলবে ‘জি’ গ্রুপে। বাংলাদেশ সময় বুধবার (১৭ জুন) সকাল ৭টায় আলজেরিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে টুর্নামেন্ট শুরু করবে স্কালোনির দল। এরপর সোমবার রাত ১১টায় অস্ট্রিয়া এবং ২৮ জুন সকাল ৭টায় জর্ডানের বিপক্ষে গ্রুপ পর্বের বাকি দুই ম্যাচ খেলবে আর্জেন্টিনা।
পি/ডি