সরকারি সেলাই মেশিন দেওয়ার কথা বলে মহিলা দল নেত্রীর টাকা দাবি
পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় সরকারি সেলাই মেশিন পাইয়ে দেওয়ার কথা বলে টাকা দাবির অভিযোগ উঠেছে দেবীগঞ্জ পৌর মহিলা দলের সদস্য সচিব নিশি আক্তারের বিরুদ্ধে। এ ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে ১৭ মিনিটের একটি অডিও কল রেকর্ড ছড়িয়ে পড়েছে, যা নিয়ে এলাকায় আলোচনা সমালোচনার সৃষ্টি হয়েছে।
ভাইরাল হওয়া অডিওতে এক নারীকে বলতে শোনা যায়, গতকাল যে বললা টাকার কথা, ওইখানে কি কিছু কমানো যাবে না ?
জবাবে অপর প্রান্ত থেকে মহিলা দল নেত্রী নিশি আক্তার বলেন, যত কম পারা যায় ততটুকুই আমি তোমার জন্য কমাবো।
এরপর ওই নারী বলেন, আমি তো টেনশনে আছি, কি করব বুঝতেছিনা। তুমি তো ফরিদুল ভাইয়াকেও বলতে দিতেছ না।
নিশি আক্তারকে বলেন, ‘এই যে তোমরা এক কান দুই কান করি কথাটা ভাসাইতেছ। বড়রা যেভাবে আমাদের বলছে, ওইভাবেই তো আমরা করতেছি নাকি। যাক, তুমি বেশি কমাইও না, ৬ হাজারের মধ্যে দিও’।
কথোপকথনের এক পর্যায়ে ওই নারী বলেন, কী যে করবো, টেনশনে আছি। আমাদের যদি এগুলো থাকতো, তাহলে তো আর দৌড়াইতাম না।
পরে নিশি আক্তারকে বলতে শোনা যায়, তোমার এসএসসি পাশের সার্টিফিকেট আছে ? যদি থাকে তাহলে তোমাকে মাটি কাটার কাজের সুপারভাইজারের চাকরি নিয়ে দিব। তুমি শুধু আমার কথা মত চলবা। তোমার চাকরি নিয়ে দিব।
এবিষয়ে অভিযুক্ত মহিলা দল নেত্রী নিশি আক্তারকে এ প্রতিবেদক ফোন করলে তিনি বাসায় দেখা করতে বলেন।
দেবীগঞ্জ উপজেলা মহিলা দলের আহ্বায়ক লিপি আক্তার বলেন, অডিওটি আমিও শুনেছি। ভাইকে পাঠানো হয়েছে। ভাই ব্যস্ত আছেন। এই বিষয়ে উনি সিদ্ধান্ত নিবে।
আই/এ