আন্তর্জাতিক

কুয়েত ও বাহরাইনের দিকে ইরানের ৭ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ: সেন্টকম

ছবি: ফাইল ছবি

কুয়েত ও বাহরাইনের দিকে সাতটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইরান—এমন দাবি করেছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড, সেন্টকম।

শনিবার (০৬ জুন) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

সেন্টকমের বিবৃতিতে বলা হয়, হরমুজ প্রণালির দিকে ছোড়া ইরানি ড্রোন ভূপাতিত করা এবং ইরানের কয়েকটি রাডার স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলার কয়েক ঘণ্টার মধ্যেই এই ক্ষেপণাস্ত্র নিক্ষেপের ঘটনা ঘটে।

যুক্তরাষ্ট্রের দাবি, ইরানের ছোড়া সাতটি ক্ষেপণাস্ত্রের মধ্যে ছয়টি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে ভূপাতিত করা হয়েছে। বাকি একটি ক্ষেপণাস্ত্র নির্ধারিত লক্ষ্যবস্তুতে পৌঁছাতে পারেনি।

বিবৃতিতে আরও বলা হয়, এ ঘটনায় কোনো মার্কিন সেনা সদস্য হতাহত হননি।

একই সঙ্গে বাহরাইনে অবস্থিত মার্কিন পঞ্চম নৌবহরের সদর দপ্তর ক্ষতিগ্রস্ত হয়েছে—ইরানের এমন দাবি নাকচ করেছে সেন্টকম। সংস্থাটি বলেছে, “বাহরাইনে মার্কিন পঞ্চম নৌবহরের সদর দপ্তরে ক্ষয়ক্ষতির যে দাবি ইরান করেছে, তা সম্পূর্ণ মিথ্যা।”

এর আগে ইরান অভিযোগ করেছিল, যুক্তরাষ্ট্র তাদের সামরিক ও যোগাযোগ অবকাঠামোতে হামলা চালিয়েছে। এর জবাবে মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন স্থাপনাগুলো লক্ষ্য করে পাল্টা পদক্ষেপ নেওয়া হয়েছে বলে দাবি করে তেহরান।

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র ও ইরানের পাল্টাপাল্টি দাবি পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে। তবে ক্ষেপণাস্ত্র হামলার বিষয়ে ইরানের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কোনো আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি।

 

এমএ//

 

এ সম্পর্কিত আরও পড়ুন