ক্যাম্পাস

বিশ্ব পরিবেশ দিবসে শেকৃবিতে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে (শেকৃবি) বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

 বৃহস্পতিবার (৫ জুন) বিশ্ববিদ্যালয় চত্বরে বাংলাদেশ সরকারের প্রতিপাদ্য প্রকৃতি থেকে প্রেরণা, জলবায়ুর জন্য, আমাদের ভবিষ্যতের জন্যএবং জাতিসংঘ ঘোষিত আন্তর্জাতিক প্রতিপাদ্য “Inspired by Nature. For Climate. For Our Future”–কে সামনে রেখে এ কর্মসূচি আয়োজিত হয়।

শেকৃবির ৬০ তম ব্যাচ এবং নটর ডেম কলেজের ৯৯ তম ব্যাচের যৌথ উদ্যোগে তাদের এক বন্ধুর রুহের মাগফেরাত কামনায় এবং সদকায়ে জারিয়াহ হিসেবে এ কর্মসূচির উদ্বোধন করা হয়। অনুষ্ঠানের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আব্দুল লতিফ।

এ সময় উপাচার্য আব্দুল লতিফ বলেন, জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় প্রকৃতিভিত্তিক সমাধানকে গুরুত্ব দিয়ে একটি টেকসই ভবিষ্যৎ গড়ে তোলাই বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ উপলক্ষে সরকারের অন্যতম লক্ষ্য।

তিনি এ ধরনের বৃক্ষরোপণ উদ্যোগকে পরিবেশ সংরক্ষণে গুরুত্বপূর্ণ অবদান হিসেবে উল্লেখ করেন।

উপাচার্য আরও বলেন, শেকৃবির ৬০তম ব্যাচ এবং নটর ডেম কলেজের ৯৯তম ব্যাচের শিক্ষার্থীরা যে মহৎ উদ্যোগ গ্রহণ করেছে, তা প্রশংসার দাবিদার। বিশ্ববিদ্যালয় প্রশাসন ভবিষ্যতেও পরিবেশবান্ধব ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে সর্বাত্মক সহযোগিতা প্রদান করবে বলে তিনি আশ্বাস দেন।

কর্মসূচির অংশ হিসেবে বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়। আয়োজকরা জানান, পরিবেশ সংরক্ষণ ও সবুজায়ন বৃদ্ধির লক্ষ্যে ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কৃষি রসায়ন বিভাগের অধ্যাপক ড. মো. তাজুল ইসলাম চৌধুরী তুহিন, ড. মালেক বাদশা, ড. আনোয়ারুল হক জুয়েল, মো. মাহফুজুর রহমান, নটর ডেম-৯৯ এর মেহেদী হাসান শিশির ও নজরুল ইসলাম মল্লিক, এস্টেট উইংয়ের দায়িত্বপ্রাপ্ত ডেপুটি রেজিস্ট্রার মো. আব্দুল হামিদসহ শেকৃবির ৬০তম ব্যাচ এবং নটর ডেম কলেজের ৯৯তম ব্যাচের শিক্ষার্থীরা।

 আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন