দেশজুড়ে

পুলিশের উপর হামলা, কলেজ ছাত্রদলের সভাপতি বহিস্কার

নেত্রকোণার মদন উপজেলায় পুলিশের ওপর হামলা করায় সরকারী হাজী আব্দুল আজিজ খান কলেজ ছাত্রদলের সভাপতি সৈয়দ মিঠু কে বহিস্কার করা হয়েছে। মিঠু মদন পৌর সদরের ৫নম্বর ওয়ার্ডের মদন কান্দাপাড়া গ্রামের সৈয়দ রঞ্জু মিয়ার ছেলে।

শুক্রবার (০৫ জুন) নেত্রকোণা জেলা ছাত্রদলের দপ্তর সম্পাদক আশরাফুল ইসলাম খান পাঠান এর স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, নেত্রকোনা জেলা শাখার সিদ্ধান্ত মোতাবেক, সরকারি হাজী আব্দুল আজিজ খান ডিগ্রী কলেজ ছাত্রদলের সভাপতি সৈয়দ মিঠু মিয়া কে দলীয় শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করা হলো।

বিজ্ঞপ্তিতে  আরও বলা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, নেত্রকোনা জেলা শাখার সভাপতি অনিক মাহবুব চৌধুরী ও সাধারণ সম্পাদক শামছুল হুদা শামীম আজ এই সিদ্ধান্ত অনুমোদন করেন এবং জাতীয়তাবাদী ছাত্রদলের সকল পর্যায়ের নেতৃবৃন্দকে তার সাথে কোনরূপ সাংগঠনিক সম্পর্ক না রাখার জন্য নির্দেশ প্রদান করা হলো।

এর আগে বৃহস্পতিবার বিকালে মদন সরকারি কলেজ মোড় এলাকায় চট্টগ্রামগামী বাসে দূরপাল্লার যাত্রীদের হয়রানির খবর পেয়ে উপজেলা প্রশাসন অভিযানে যায়। এ সময় অভিযানের কাজে বাঁধা দেওয়ার পাশাপাশি প্রশাসনের লোকজনের সাথে তর্কে জড়িয়ে পড়েন মিঠু মিয়া। এক পর্যায়ে ক্ষিপ্ত হয়ে মো.ফরিদুল ইসলাম ও আতাউর রহমান নামের দুই পুলিশ সদস্যের উপর হামলে করেন তিনি। এসময় দুই পুলিশ সদস্য আহত হন।

পরে পুলিশ তাকে আটক করে থানায় নিয়ে যায়। আহত দুই পুলিশ সদস্যকে মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে। 

মদন থানার ভারপ্রাপ্ত (ওসি) মো. তরিকুল ইসলাম জানান, দুই পুলিশ সদস্যকে আহত করার ঘটনায় অভিযুক্ত যুবক মিঠুকে আটক করা হয়েছে। এ ঘটনায় মিঠুর বিরুদ্ধে সরকারি কাজে বাঁধা ও পুলিশের উপর হামলার ঘটনায় মদন থানায় মামলার প্রস্তুতি চলছে।

নেত্রকোণা জেলা ছাত্রদলের সভাপতি অনিক মাহবুব চৌধুরী জানান, দলীয় শৃঙ্খলা ভঙ্গ করায় মদন সরকারি হাজী আব্দুল আজিজ খান ডিগ্রি কলেজের সভাপতি সৈয়দ মিঠুকে বহিস্কার করা হয়েছে। জেলা ছাত্রদল কোন অপরাধীকে আশ্রয় প্রশ্রয় দেয় না। অপরাধী যেই হোক জেলা ছাত্রদল তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করে।

 

আর/আই

এ সম্পর্কিত আরও পড়ুন