পুশইন ও অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে বিজিবির বিশেষ অভিযান শুরু
নীলফামারীতে বাংলাদেশ-ভারত সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ও পুশইন ঠেকাতে বিশেষ অভিযান শুরু করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। ৫৬ বিজিবি ব্যাটালিয়নের উদ্যোগে এ অভিযান পরিচালনা করা হচ্ছে।
বুধবার (৩ জুন) রাতে এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, সীমান্তবর্তী এলাকায় নিয়মিত টহলের পাশাপাশি অতিরিক্ত নিরাপত্তা জোরদার করা হয়েছে। স্থানীয় চেয়ারম্যান, মেম্বার ও গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে নিয়ে বিজিবি সদস্যরা সচেতনতামূলক কার্যক্রমও চালাচ্ছেন। পাশাপাশি সীমান্তবর্তী গ্রামগুলোতে নিয়মিত মাইকিংয়ের মাধ্যমে স্থানীয় জনগণকে সচেতন করা হচ্ছে।
এতে আরও বলা হয়, কোনো সন্দেহজনক ব্যক্তি বা কার্যকলাপ দেখা গেলে সঙ্গে সঙ্গে নিকটস্থ বিজিবি ক্যাম্প বা বিওপিতে জানানোর অনুরোধ করা হয়েছে।
ঝুঁকিপূর্ণ সীমান্ত পয়েন্টগুলোতে বিশেষ টহল বাড়ানো হয়েছে। রাতের বেলায় নজরদারি আরও শক্তিশালী করতে হ্যান্ডমাইক, টর্চলাইট, সার্চলাইট এবং নাইট ভিশন গগলসসহ আধুনিক সরঞ্জাম ব্যবহার করা হচ্ছে। একই সঙ্গে সন্দেহভাজনদের গতিবিধির ওপর গোয়েন্দা নজরদারিও বাড়ানো হয়েছে।
৫৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. সিরাজুল ইসলাম বলেন, সীমান্ত এলাকায় পুশইন ও অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে স্থানীয় জনগণকে সম্পৃক্ত করা হচ্ছে। একই সঙ্গে সীমান্ত অপরাধ বন্ধে কঠোর নজরদারি চালানো হচ্ছে।
তিনি আরও জানান, দেশের সীমান্ত সুরক্ষা ও সব ধরনের অবৈধ অনুপ্রবেশ রোধে এ ধরনের অভিযান ও নজরদারি ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
পিডি