সিরাজগঞ্জে শিশু ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেপ্তার
সিরাজগঞ্জের রায়গঞ্জে মানসিক প্রতিবন্ধী এক শিশুকে ধর্ষণের অভিযোগে দায়ের হওয়া আলোচিত মামলার প্রধান আসামিকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১২)।
বুধবার (০৩ জুন) দুপুরে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব-১২ এ তথ্য জানায়।
গ্রেপ্তারকৃত আসামি মো. শান্ত (২৫) রায়গঞ্জ উপজেলার পূর্ব লক্ষীকোলা গ্রামের বাসিন্দা বেল্লাল হোসেনের ছেলে।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার সকালে সিরাজগঞ্জ সদর থানার শিয়াকোল এলাকার সৈয়দ স্প্রিং মিল সংলগ্ন স্থানে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গেল ২৬ এপ্রিল সকাল ১০টার দিকে বিদ্যালয়ে যাওয়ার পথে ভুক্তভোগী শিশুকে প্রলোভন দেখিয়ে নিজের বাড়িতে নিয়ে যান শান্ত। পরে বাড়িতে অন্য কেউ না থাকার সুযোগে শিশুটিকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ রয়েছে।
ঘটনার পর গেল ৩ মে ভুক্তভোগীর বাবা বাদী হয়ে রায়গঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। মামলাটি নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ (সংশোধিত ২০০৩)-এর ৯(১) ধারায় রুজু করা হয়।
মামলা দায়েরের পর থেকেই অভিযুক্ত শান্ত আত্মগোপনে ছিলেন। দীর্ঘ অনুসন্ধান ও গোয়েন্দা তৎপরতার পর র্যাব-১২ সদর কোম্পানির একটি আভিযানিক দল তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।
র্যাব-১২ সদর কোম্পানির কমান্ডার ক্যাপ্টেন তাবরীজ তাজওয়ার শরীফ জানান, গ্রেপ্তারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য রায়গঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।
এমএ//