রাজধানী

এআই ক্যামেরা ফাঁকি দিতে নম্বরপ্লেট ঢেকে চলাচল, যুবকের কারাদণ্ড

এআই ক্যামেরার ট্রাফিক নজরদারি ফাঁকি দিতে মোটরসাইকেলের নম্বরপ্লেটের সংখ্যা ঢেকে সড়কে চলাচলের ঘটনায় লাবলু হক নামে এক যুবককে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। পরে তাঁকে স্পেশাল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। আদালত তাঁকে এক মাসের কারাদণ্ড ও দুই হাজার টাকা অর্থদণ্ড দেন

মঙ্গলবার (২ জুন) সকালে রাজধানীর মিন্টো রোডে ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ডিএমপির অতিরিক্ত কমিশনার (ট্রাফিক) আনিছুর রহমান

তিনি জানান,  গত ১৯ মে এক মোটরসাইকেলচালক নম্বরপ্লেটের তিনটি ডিজিট সাদা স্কচটেপ দিয়ে ঢেকে রাজধানীর সড়কে চলাচল করেন। পরে সেই ছবি এ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। বিভিন্ন গণমাধ্যমেও প্রকাশিত হয়। গত ২১ মে বিষয়টি ডিএমপির নজরে আসে। বিষয়টি সামনে আসার পর পুলিশের মধ্যে উদ্বেগ তৈরি হয়। কারণ এ ধরনের প্রতারণামূলক কৌশল ছড়িয়ে পড়লে অন্যরাও তা অনুসরণ করতে পারে। পুলিশ বিষয়টিকে গুরুত্ব দিয়ে তদন্ত শুরু করে

আনিছুর রহমান বলেন,  ছবিতে চালকের মুখ স্পষ্ট দেখা না যাওয়ায় তাঁকে শনাক্ত করা সহজ ছিল না।পরে ডিএমপির কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইমের (সিটিটিসি) সহায়তায় রাজধানীর বিভিন্ন এলাকার সিসিটিভি ফুটেজ বিশ্লেষণসহ মোটরসাইকেলটির ধরন ও নম্বরপ্লেট মিলিয়ে অনুসন্ধানের পর গতকাল  সেই ব্যক্তিকে শনাক্ত ও গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার লাবলু হক (৩৮) রাজধানীর লালবাগ এলাকার বাসিন্দা।

তিনি বলেন, আমরা উন্নত বিশ্বের মতো একটি স্বয়ংক্রিয় ও শৃঙ্খলাপূর্ণ ট্রাফিকব্যবস্থা গড়ে তুলতে চাই। কিন্তু কেউ যদি প্রযুক্তিকে ফাঁকি দেওয়ার চেষ্টা করেন, তাহলে সেটির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন