আন্তর্জাতিক

আগামী হজ মৌসুমে বড় পরিবর্তন আনছে সৌদি আরব

হজযাত্রীদের সেবার মান উন্নয়ন, আবাসন ব্যবস্থা আরও উন্নত করা এবং হজ কার্যক্রমের তদারকি জোরদারের লক্ষ্যে একাধিক সংস্কার উদ্যোগ নিয়েছে সৌদি আরব। একই সঙ্গে আগামী বছরের হজ মৌসুমের প্রস্তুতিও শুরু করেছে দেশটি।

মক্কায় হজ ও ওমরাহবিষয়ক মন্ত্রণালয়ের বার্ষিক সমাপনী অনুষ্ঠানে এসব পরিকল্পনার ঘোষণা দেন হজ ও ওমরাহবিষয়ক মন্ত্রী তৌফিক আল রাবিয়াহ। অনুষ্ঠানে আগামী হজ মৌসুমকে সামনে রেখে বিশ্বের বিভিন্ন দেশের হজবিষয়ক কার্যালয়গুলোর সঙ্গে সমন্বয়ের প্রাথমিক পরিকল্পনাও তুলে ধরা হয়।

নতুন উদ্যোগের মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হলো সমন্বিত সেবা পদ্ধতি চালু করা। এর আওতায় একক প্যাকেজের মাধ্যমে মক্কা ও মদিনার আবাসন, পরিবহন এবং খাবারের ব্যবস্থা একসঙ্গে অন্তর্ভুক্ত করা হবে। সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে, এসব সেবা হজযাত্রীদের সফরসূচির বাধ্যতামূলক অংশ হিসেবে বিবেচিত হবে।

এছাড়া হজ প্যাকেজ ব্যবস্থায়ও পরিবর্তন আনা হয়েছে। বিদ্যমান প্যাকেজের সংখ্যা কমিয়ে তিনটি শ্রেণিতে সীমিত করা হবে। হজযাত্রীদের চাহিদা ও সুবিধার বিষয়টি বিবেচনায় রেখে এই পরিবর্তন আনা হচ্ছে। নতুন ব্যবস্থায় বর্তমানে চালু থাকা ‘প্যাকেজ ডি’ বাতিল করা হবে।

হজ কার্যক্রমের মানোন্নয়নে হজবিষয়ক কার্যালয়ের কর্মীদের জন্য বাধ্যতামূলক প্রশিক্ষণ কর্মসূচিও চালু করা হবে। সংশ্লিষ্ট কর্মীদের ভিসা ও প্রয়োজনীয় অনুমতিপত্র পেতে হলে এই প্রশিক্ষণ সম্পন্ন করতে হবে।

মন্ত্রণালয় ১৪৪৮ হিজরি, অর্থাৎ ২০২৭ সালের হজ মৌসুমের প্রস্তুতি সূচিও প্রকাশ করেছে। আগামী ৩০ জুন থেকে হজবিষয়ক কার্যালয় এবং আন্তর্জাতিক সেবা প্রদানকারী প্রতিষ্ঠানগুলো মক্কা ও মদিনার আবাসনের অগ্রাধিকারভিত্তিক বুকিং নিশ্চিত করতে পারবে।

এছাড়া পবিত্র স্থান মিনা ও আরাফায় নিজেদের বর্তমান অবস্থান ধরে রাখতে আগ্রহী প্রতিষ্ঠানগুলোকে নতুন সমন্বিত সেবা প্যাকেজের আওতায় চুক্তির ক্ষেত্রে অগ্রাধিকার দেয়া হবে। এ সংক্রান্ত বুকিং কার্যক্রম চলবে আগামী ১৩ আগস্ট পর্যন্ত।

সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে, বিশ্বের অন্যতম বৃহৎ ধর্মীয় সমাবেশ হজ ব্যবস্থাপনাকে আরও আধুনিক, কার্যকর ও সেবাবান্ধব করতে ধারাবাহিকভাবে নানা উদ্যোগ নেওয়া হচ্ছে। নতুন সংস্কারগুলোও সেই বৃহত্তর পরিকল্পনারই অংশ।

তথ্যসূত্র: গালফ নিউজ

 

এসি//

এ সম্পর্কিত আরও পড়ুন