দেশজুড়ে

তারেক রহমানকে কটূক্তি করায় এনসিপি নেতাকে গনপিটুনি দিয়ে পুলিশে সোপদ

ছবি: সংগৃহীত ছবি

প্রধানমন্ত্রী তারেক রহমান, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ ও পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানিকে ‘হত্যার হুমকি’সহ বিভিন্ন সময়ে বিতর্কিত ও আপত্তিকর মন্তব্য করার অভিযোগে আনোয়ার হোসেন (৩৮) নামক এনসিপির কেন্দ্রীয় এক নেতাকে গণ পিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা ।

শনিবার (৩০ মে) রাতে রায়পুর-লক্ষ্মীপুর আঞ্চলিক মহাসড়কের সোনাপুর ইউনিয়নের বাসাবাড়ী বাজার এলাকায় এই ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন মিয়া।

এ ঘটনায় আজ (৩১ মে) দুপুরে সোনাপুর ইউনিয়নের চরবগা গ্রামের শফিক আহমদের ছেলে রুহুল আমিন (৪৯) বাদী হয়ে আনোয়ারসহ একই এলাকার চার জনকে আসামি করে রায়পুর থানায় মামলা করেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, এলাকার ক্ষুব্ধ কিছু মানুষ আনোয়ার হোসেনকে আটক করে গণ পিটুনি দেয়।এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ আনোয়ারকে থানায় নিয়ে আসে।

নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় কয়েকজন জানান, আনোয়ার স্থানীয় আওয়ামী লীগের সময় দলটির দাপুটে কর্মী ছিলেন। ২০২৪ সালে ৫ আগস্ট সরকার পতনের পর তিনি এনসিপিতে যোগ দেন। এর পরে বিভিন্ন সময় আওয়ামী লীগ ও বিএনপির নেতাদের নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে নোংরা বক্তব্য রাখেন।

ওসি শাহীন মিয়া বলেন, খবর পেয়ে পুলিশ আনোয়ারকে জনতার রোষানল থেকে উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়। রুহুল আমিন নামের এক লোক আনোয়ারের বিরুদ্ধে আইসিটি আইনে মামলার প্রস্তুতি নিয়েছেন। তা রেকর্ডের পর তাকে দুপুরে আদালতে পাঠানোর ব্যবস্থা করা হবে।

 

আর/আই 

এ সম্পর্কিত আরও পড়ুন