উচ্চস্বরে গান বাজাতে নিষেধ করায় ইমামকে পিটিয়ে আহত
ময়মনসিংহে নামাজের সময় মাইকে উচ্চস্বরে গান বাজাতে নিষেধ করায় এক মাদ্রাসাশিক্ষককে রড দিয়ে পিটিয়ে ডান চোখে গুরুতর আঘাত করার অভিযোগ উঠেছে। এ ঘটনার পর অভিযুক্ত সাইফুর রহমান ঢালী পলাতক রয়েছে।
শুক্রবার (২৯ মে) জেলার গফরগাঁও উপজেলার পুখুরিয়া এলাকায় এই ঘটনাটি ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন, ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন।
স্থানীয় বাসিন্দা ও প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার (২৯ মে) মাগরিবের নামাজের সময় একটি মেলা উপলক্ষে উচ্চস্বরে গান বাজানো হচ্ছিল। এ সময় পুখুরিয়া হুদা মহিউসসুন্নাহ মাদ্রাসার শিক্ষক ও মসজিদের সাবেক ইমাম মাওলানা ইউসুফ আলী গান বাজাতে নিষেধ করলে স্থানীয় সাইফুর রহমান ঢালী তাকে রড দিয়ে আঘাত করেন। এতে তার ডান চোখ ও মাথায় গুরুতর জখম হয়।
গুরুতর আহত অবস্থায় তাকে শুক্রবার রাতেই ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের চক্ষু বিভাগে ভর্তি করা হয়।
ভুক্তভোগী দাবি করেন, হামলাকারী তার চোখ উপড়ে ফেলারও চেষ্টা করেন। তিনি এখন ডান চোখে দেখতে পাচ্ছেন না।
হাসপাতালের চক্ষু বিভাগের প্রধান ডা. ফয়সাল কাদের শাহ চৌধুরি বলেন, ‘রডের আঘাতে চোখ অনেকটাই ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে চোখ স্থায়ীভাবে নষ্ট হওয়ার ব্যাপারে এখনই নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না। অস্ত্রোপচারের মাধ্যমে চোখের ওপরের ও নিচের পাতা পুনঃস্থাপনের চেষ্টা করা হবে।
পুলিশ জানিয়েছে, ‘এ ঘটনায় থানায় মামলা হয়েছে। অভিযুক্তকে তাকে গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত আছে।’
আর/আই