লাইফস্টাইল

নিউমোনিয়া থেকে বয়স্কদের সুরক্ষা: করণীয় ও সতর্কতা

নিউমোনিয়া ফুসফুসের একটি গুরুতর সংক্রমণ, যা ব্যাকটেরিয়া, ভাইরাস বা অন্যান্য জীবাণুর কারণে হয়ে থাকে। শিশুদের পাশাপাশি বয়স্কদের ক্ষেত্রেও এ রোগ অত্যন্ত ঝুঁকিপূর্ণ। অনেক সময় দেখা যায়, পরিবারের প্রবীণ সদস্য হঠাৎ করে নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে গুরুতর অবস্থায় চলে যান, এমনকি সময়মতো চিকিৎসা না পেলে প্রাণহানির ঝুঁকিও তৈরি হয়।

বয়স্কদের মধ্যে যাদের ডায়াবেটিস, হাঁপানি, ক্রনিক ব্রংকাইটিস বা দীর্ঘমেয়াদি শ্বাসতন্ত্রের সমস্যা রয়েছে, তাদের নিউমোনিয়ায় আক্রান্ত হওয়ার ঝুঁকি বেশি। এছাড়া যারা ক্যান্সারের চিকিৎসা নিচ্ছেন বা রোগ প্রতিরোধ ক্ষমতা কমিয়ে দেয় এমন ওষুধ সেবন করছেন, তারাও ঝুঁকির মধ্যে থাকেন। শয্যাশায়ী বা চলাফেরায় অক্ষম রোগীদের ক্ষেত্রে ফুসফুসে জীবাণু জমে সংক্রমণের সম্ভাবনা আরও বেড়ে যায়। বিশেষ করে স্ট্রোক বা পক্ষাঘাতগ্রস্ত রোগীদের খাবার গিলতে সমস্যা হলে ‘অ্যাসপিরেশন নিউমোনিয়া’র ঝুঁকি তৈরি হয়।

তবে বনিউমোনিয়া প্রতিরোধে নিতে হবে কিছু বাড়তি সতর্কতা 

বয়স্কদের খাওয়ানোর সময় তাড়াহুড়া করা উচিত নয়। তাদের বসিয়ে বা আধা-বসা অবস্থায় ধীরে ধীরে খাবার দিতে হবে। শোয়া অবস্থায় খাওয়ানো একেবারেই ঠিক নয়। যাদের গিলতে সমস্যা রয়েছে, তাদের ক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী বিকল্প পদ্ধতি গ্রহণ করা যেতে পারে।  

রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখা জরুরি, কারণ অনিয়ন্ত্রিত ডায়াবেটিস সংক্রমণের ঝুঁকি বাড়ায়। পাশাপাশি বয়স্কদের পর্যাপ্ত পুষ্টি নিশ্চিত করতে হবে, যাতে তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা শক্তিশালী থাকে। প্রয়োজনে চিকিৎসকের পরামর্শে ভিটামিন ও অন্যান্য পুষ্টি ঘাটতি পূরণ করতে হবে।

রোগীর আশপাশের পরিবেশ পরিষ্কার রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। অসুস্থ ব্যক্তির কাছে হাঁচি-কাশি এড়িয়ে চলা, এবং যত্ন নেওয়ার আগে হাত ভালোভাবে ধোয়া সংক্রমণ প্রতিরোধে সাহায্য করে। অপ্রয়োজনীয় ভিড়ও সীমিত রাখা উচিত।

চিকিৎসকের পরামর্শ অনুযায়ী বয়স্ক ও দীর্ঘমেয়াদি রোগে আক্রান্ত ব্যক্তিদের নিউমোকক্কাল ও ইনফ্লুয়েঞ্জা টিকা নেওয়া উচিত। এটি নিউমোনিয়ার ঝুঁকি অনেকাংশে কমাতে সহায়তা করে।

বয়স্ক ব্যক্তির জ্বর, দীর্ঘস্থায়ী কাশি, শ্বাসকষ্ট বা হঠাৎ মানসিক অবস্থার পরিবর্তন দেখা দিলে দেরি না করে চিকিৎসকের কাছে যেতে হবে। কারণ প্রবীণদের ক্ষেত্রে সাধারণ সর্দি-কাশিও দ্রুত জটিল আকার ধারণ করতে পারে।

সঠিক যত্ন, সচেতনতা এবং সময়মতো চিকিৎসাই বয়স্কদের নিউমোনিয়া প্রতিরোধে সবচেয়ে কার্যকর উপায়।

          
পিডি

এ সম্পর্কিত আরও পড়ুন