দেশজুড়ে

দিনাজপুরে ট্রাকের পেছনে সিএনজির ধাক্কা, দুই শিশুর মৃত্যু

দিনাজপুরের ঘোড়াঘাটে ঈদের দিন সকালে মায়ের সঙ্গে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় আব্দুল্লাহ (৪) ও আরিফা (৪) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় দুই শিশুর মা গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

বুধবার (২৭ মে) ভোরে উপজেলার কানাগাড়ি বাজার এলাকায় দিনাজপুর–গোবিন্দগঞ্জ মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।

নিহত আব্দুল্লাহ জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার শামসুল হকের ছেলে এবং আরিফা দিনাজপুরের হাকিমপুর উপজেলার বাড়ো আরিয়া এলাকার আল আমিনের মেয়ে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, ঈদের দিন সকালে হালকা বৃষ্টির মধ্যে সিএনজিচালিত অটোরিকশায় করে দুই শিশু তাদের মায়ের সঙ্গে গোবিন্দগঞ্জ থেকে ভাদুড়িয়ার দিকে যাচ্ছিল। পথে কানাগাড়ি বাজার এলাকায় সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে সিএনজিটি ধাক্কা দিলে সেটি উল্টে যায়।

দুর্ঘটনায় একই পরিবারের দুই শিশু ও তাদের মা গুরুতর আহত হন। পরে স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুই শিশুকে মৃত ঘোষণা করেন।

 

ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। দুর্ঘটনার পর ট্রাকটি ঘটনাস্থল থেকে পালিয়ে যায় বলে তিনি জানান।

পিডি  

 

এ সম্পর্কিত আরও পড়ুন