অলিভের ঈদ শোতে যুক্তরাষ্ট্র প্রবাসী তারকারা
ঈদুল আজহাকে ঘিরে যখন দেশীয় টেলিভিশন চ্যানেলগুলো সাজছে নানা ধরনের বিশেষ আয়োজন নিয়ে, তখন ভিন্ন এক আবহ নিয়ে দর্শকদের সামনে আসছেন সঞ্চালক অলিভ আহমেদ।
এবারের ঈদে তার উপস্থাপনায় দর্শকরা পাবেন একেবারে আলাদা অভিজ্ঞতা। যুক্তরাষ্ট্র প্রবাসী জনপ্রিয় তারকাদের মুখোমুখি হয়ে উঠে আসবে তাদের প্রবাস জীবনের নানা গল্প, অনুভূতি আর ঈদের স্মৃতি।
এই বিশেষ আয়োজনের অতিথি তালিকায় থাকছেন শ্রাবন্তী, মিলা হোসাইন, নাফিজা জাহান, নোভা ফিরোজ, ইবরার টিপু, বিন্দু কণা, টিনা রাসেল, মারিয়া মৃত্তিকা, আঁখি চৌধুরী, সবুজ, সাদিয়াসহ আরও অনেকে।
‘ঈদ আনন্দ আড্ডা’ শিরোনামের এই বিশেষ অনুষ্ঠানটি প্রচারিত হবে স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল আরটিভির ঈদ আয়োজনে।
সঞ্চালক অলিভ আহমেদ জানান, দর্শকদের জন্য কিছু ব্যতিক্রম ও নতুন উপহার দেয়ার উদ্দেশ্যেই এই আয়োজন করা হয়েছে। ঈদের আনন্দ সবার সঙ্গে ভাগাভাগি করে নিতে ভিন্নধর্মী এই অনুষ্ঠানের পরিকল্পনা করা হয়েছে।
চ্যানেল কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, ঈদের দিন থেকে ধারাবাহিকভাবে প্রচারিত হবে এই বিশেষ ঈদ অনুষ্ঠান।
এসি//