দেশজুড়ে

মাদকের টাকার জন্য মাকে কুপিয়ে হত্যা, ছেলে আটক

ছবি: সংগৃহীত ছবি

কুমিল্লার চকবাজারে মাদকের টাকার দাবিতে রামিম ইসলাম বাবু (২৭) নামের এক মাদকাসক্ত যুবকের দা-এর কোপে তার মা রেহানা বেগম (৫৫) নিহত হয়েছেন। নিহত রেহানা বেগম ওই এলাকার প্রয়াত মনিরুল ইসলামের স্ত্রী।

মঙ্গলবার (২৬ মে) সকালে নগরীর পশ্চিম বালুধুম এলাকায় এই নৃশংস ঘটনা ঘটে বলে বিষয়টি নিশ্চিত করেন, চকবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ তাপস চন্দ্র রায়।

পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, রামিম দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিলেন এবং টাকার জন্য প্রায়ই মায়ের ওপর নির্যাতন চালাতেন। গত রাত থেকেও মাদকের টাকার জন্য মায়ের সাথে ঝগড়া করার একপর্যায়ে সকালে তিনি দা দিয়ে মায়ের মাথায় আঘাত করেন। রেহানা বেগমের চিৎকার শুনে প্রতিবেশীরা তাকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঘটনার পর পরই তাপস চন্দ্র রায়ের নেতৃত্বে অভিযান চালিয়ে নগরীর টমছমব্রিজ এলাকা থেকে অভিযুক্ত রামিমকে আটক করা হয়।

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুর আনোয়ার জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে যায়, তবে হাসপাতালে নেওয়ার পথেই ওই নারীর মৃত্যু হয়; এই ঘটনায় অভিযুক্তকে আটক করা হয়েছে এবং আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

 

 

 আর/আই

এ সম্পর্কিত আরও পড়ুন