লাইফস্টাইল

ঝুম বৃষ্টিতে লুকিয়ে থাকে শরীর ও মনের স্বস্তির গল্প

তীব্র রোদ আর গরমে হাঁসফাঁস করা শহরে হঠাৎ যখন আকাশ ভেঙে নামে বৃষ্টি, তখন যেন প্রকৃতি নিজেই মানুষকে একটু থেমে যেতে বলে। টিনের চালে বৃষ্টির শব্দ, ভেজা মাটির গন্ধ আর বাতাসের শীতল ছোঁয়া মুহূর্তেই বদলে দেয় চারপাশের আবহ। কেউ জানালার পাশে দাঁড়িয়ে বৃষ্টি দেখেন, কেউ ছাতা ফেলে ভিজে ওঠেন শিশুর মতো আনন্দে। বৃষ্টি শুধু প্রকৃতিকে নয়, অনেক সময় মনকেও ধুয়ে-মুছে নতুন করে সতেজ করে তোলে।

অনেকের ধারণা, বৃষ্টিতে ভিজলেই সর্দি-জ্বর হয়। তবে বিশেষজ্ঞদের মতে, সচেতনভাবে ও সীমিত সময় বৃষ্টিতে ভেজা শরীর ও মনের জন্য কিছু ইতিবাচক প্রভাবও বয়ে আনতে পারে।

বৃষ্টির সময় ভেজা মাটির যে সোঁদা গন্ধ চারদিকে ছড়িয়ে পড়ে, সেটিকে বলা হয় ‘পেট্রিকর’। এই গন্ধ মানুষের মস্তিষ্কে প্রশান্তির অনুভূতি তৈরি করতে সাহায্য করে এবং মানসিক চাপ কিছুটা কমায়। অনেকেই তাই বৃষ্টির দিনে নিজেকে তুলনামূলক বেশি শান্ত ও স্বস্তিতে অনুভব করেন।

বাতাসে আর্দ্রতা বেড়ে যাওয়ার কারণে বৃষ্টির সময় ত্বকের শুষ্কতা কিছুটা কমে যায়। ফলে ত্বক নরম ও সতেজ অনুভূত হতে পারে। একইভাবে বৃষ্টির পানিতে থাকা কিছু প্রাকৃতিক উপাদান মাথার ত্বক পরিষ্কার রাখতে সহায়তা করতে পারে। তবে বিশেষজ্ঞরা বলছেন, বৃষ্টিতে ভেজার পর অবশ্যই পরিষ্কার পানি দিয়ে চুল ধুয়ে নেয়া উচিত।

প্রচণ্ড গরমের দিনে বৃষ্টিতে ভিজলে শরীরের অতিরিক্ত তাপ কমে গিয়ে এক ধরনের আরাম তৈরি হয়। এ সময় বাতাসে ধুলাবালিও কমে যায়, ফলে অনেকের শ্বাস নিতে স্বস্তি হয়।

বৃষ্টিতে ভেজার সময় শরীরে ভালো লাগার অনুভূতির সঙ্গে সম্পর্কিত কিছু হরমোন সক্রিয় হতে পারে, যা মনকে আনন্দিত ও প্রফুল্ল রাখতে সাহায্য করে। তাই অনেকেই ঝুম বৃষ্টিতে কিছুক্ষণ ভিজে মানসিক ক্লান্তি দূর করার চেষ্টা করেন।

কিছু ক্ষেত্রে বৃষ্টির পানিতে ভেজা ত্বকের হালকা অস্বস্তি বা চুলকানি কমাতেও সহায়ক হতে পারে। তবে যাদের ত্বক সংবেদনশীল, তাদের বাড়তি সতর্কতা অবলম্বন করা প্রয়োজন।

বৃষ্টির শব্দ ও ঠান্ডা আবহাওয়া শরীরকে শিথিল করে। ফলে অনেকের রাতে ঘুমও ভালো হতে পারে। একই সঙ্গে ব্যস্ত নগরজীবনের একঘেয়েমির মাঝেও বৃষ্টিতে ভেজা মানুষকে প্রকৃতির আরও কাছাকাছি নিয়ে আসে, তৈরি করে নির্মল এক অনুভূতি।

তবে বিশেষজ্ঞরা সতর্ক করে বলেছেন, দীর্ঘ সময় বৃষ্টিতে ভেজা বা দূষিত পানির সংস্পর্শে থাকলে ঠান্ডা লাগা, ত্বকের সংক্রমণ কিংবা অন্য শারীরিক সমস্যার ঝুঁকি তৈরি হতে পারে। তাই বৃষ্টিতে ভেজার পর দ্রুত শুকনো কাপড় পরা এবং শরীর পরিষ্কার রাখা জরুরি।

কখনো কখনো এক পশলা বৃষ্টি শুধু শহরের গরমই কমায় না, মানুষের ক্লান্ত মনেও এনে দেয় একটু প্রশান্তি, একটু নির্মল আনন্দ।

 

এসি//

 
 

এ সম্পর্কিত আরও পড়ুন