ঈদুল আজহা উপলক্ষে নিরাপত্তা জোরদারে পুলিশের সতর্কবার্তা
আসন্ন পবিত্র ঈদুল আজহা নিরাপদ, সুশৃঙ্খল ও নির্বিঘ্নে উদযাপনের লক্ষ্যে জনসাধারণের প্রতি বিশেষ পরামর্শ দিয়েছে বাংলাদেশ পুলিশ।
পরামর্শে বলা হয়েছে, ঈদযাত্রায় বাড়ি ফেরা যাত্রীরা যেন পর্যাপ্ত সময় হাতে রেখে ভ্রমণ পরিকল্পনা করেন, যাতে শেষ মুহূর্তের ভিড় এড়িয়ে স্বাচ্ছন্দ্যে গন্তব্যে পৌঁছানো সম্ভব হয়।
পুলিশ আরও জানিয়েছে, জীবনের ঝুঁকি নিয়ে অতিরিক্ত যাত্রী হয়ে বাস, ট্রেন, লঞ্চ ও স্টিমারের ছাদে ভ্রমণ কিংবা ট্রাক, পিকআপসহ পণ্যবাহী যানবাহনে যাতায়াত থেকে বিরত থাকতে হবে। একই সঙ্গে চালককে দ্রুতগতিতে গাড়ি চালাতে চাপ না দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। অভিজ্ঞ, সুস্থ ও ক্লান্তিহীন চালক দিয়ে যানবাহন চালানোর বিষয়েও সতর্ক থাকতে বলা হয়েছে।
হাইওয়েতে নসিমন, করিমন, ভটভটি ও ফিটনেসবিহীন বা মেয়াদোত্তীর্ণ যানবাহন ব্যবহার না করার অনুরোধ জানানো হয়েছে। ট্রেনে ভ্রমণের সময় পাথর নিক্ষেপের মতো ঝুঁকিপূর্ণ ঘটনার বিষয়ে সতর্ক থাকতে এবং নিজ মালামাল নিজের দায়িত্বে রাখার পাশাপাশি বিনা টিকিটে ভ্রমণ থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়েছে।
নৌপথে যাত্রার ক্ষেত্রে দুর্যোগপূর্ণ আবহাওয়ায় ভ্রমণ এড়িয়ে চলতে বলা হয়েছে। দুর্ঘটনা এড়াতে নৌযানে পর্যাপ্ত লাইফ জ্যাকেট, বয়া এবং নিরাপত্তা সরঞ্জাম রাখার পাশাপাশি লঞ্চ ও ফেরিতে ওঠানামার সময় বাড়তি সতর্কতা অবলম্বনের নির্দেশ দেয়া হয়েছে।
যাত্রাপথে অজ্ঞান পার্টি, মলম পার্টি ও বিভিন্ন প্রতারক চক্র থেকে সতর্ক থাকার পরামর্শ দেয়া হয়েছে। এমন কোনো সন্দেহজনক পরিস্থিতি দেখা দিলে নিকটস্থ পুলিশকে জানানো অথবা জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ যোগাযোগ করতে বলা হয়েছে। অপরিচিত কারও কাছ থেকে খাবার বা পানীয় গ্রহণ না করার বিষয়েও সতর্ক করা হয়েছে।
কোরবানির পশু পরিবহনের ক্ষেত্রে ট্রাক, লঞ্চ বা নৌকায় অতিরিক্ত পশু বোঝাই না করার নির্দেশ দেওয়া হয়েছে। মহাসড়ক ও রেললাইনের পাশে পশুর হাট না বসানোর অনুরোধ জানানো হয়েছে। হাটে নির্ধারিত হারে হাসিল পরিশোধ করতে বলা হয়েছে এবং অতিরিক্ত হাসিল বা চাঁদা দাবি করলে পুলিশকে জানানোর পরামর্শ দেওয়া হয়েছে।
পশুবাহী যানবাহনের সামনে গন্তব্য বা হাটের নাম উল্লেখ করে ব্যানার ব্যবহারের নির্দেশ দেয়া হয়েছে। একই সঙ্গে যথাযথ অভিযোগ ছাড়া এসব যানবাহনকে গন্তব্যের বাইরে থামানো যাবে না বলেও জানানো হয়েছে। সীমান্তবর্তী এলাকায় পশু বা চামড়াবাহী যানবাহনের গতিবিধি সন্দেহজনক মনে হলে পুলিশকে জানাতে বলা হয়েছে।
অর্থ লেনদেনের ক্ষেত্রে ব্যাংকিং চ্যানেল ব্যবহারের পাশাপাশি বড় অঙ্কের নগদ অর্থ পরিবহনে পুলিশের সহায়তা (কারেন্সি এসকর্ট) নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। জাল নোটের বিষয়ে সতর্ক থাকতে এবং সন্দেহ হলে পুলিশকে জানানোর আহ্বান জানানো হয়েছে। মোবাইল ব্যাংকিংয়ের ক্ষেত্রে পিন নম্বর গোপন রাখার বিষয়েও বিশেষভাবে সতর্ক করা হয়েছে।
এছাড়া শপিংমল ও মার্কেটের নিরাপত্তায় সিসিটিভি, আর্চওয়ে ও মেটাল ডিটেক্টরসহ আধুনিক প্রযুক্তি ব্যবহারের পরামর্শ দিয়েছে পুলিশ।
জনসাধারণের জরুরি প্রয়োজনে পুলিশ হেডকোয়ার্টার্সের কন্ট্রোল রুমে : ০১৩২০০০১৩০০, ০১৩২০০০১২৯৯, হাইওয়ে পুলিশ হেডকোয়ার্টার্স : ০১৩২০১৮২৫৯৮, রেলওয়ে পুলিশ হেডকোয়ার্টার্স : ০১৩২০১৭৭৫৯৮, নৌ পুলিশ হেডকোয়ার্টার্স : ০১৩২০১৬৯৫৯৮, র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) : ০১৭৭৭৭২০০২৯ নম্বরে এবং জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।
এসি//