আন্তর্জাতিক

ভারতে রাস্তায় ঈদের নামাজ পড়ায় নিষেধাজ্ঞা

কোরবানির ঈদ সামনে রেখে উত্তরপ্রদেশজুড়ে কঠোর বার্তা দিলেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। উৎসবের আমেজের মধ্যেও যেন জনদুর্ভোগ, বিশৃঙ্খলা বা আইনশৃঙ্খলার অবনতি না ঘটে, সে বিষয়ে প্রশাসনকে আগাম সতর্ক করে দিয়েছেন তিনি। বিশেষ করে রাস্তা দখল করে নামাজ আদায় ও জনসমক্ষে পশু কোরবানির বিষয়ে কঠোর অবস্থানের কথা স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে রাজ্য সরকার।

রোববার (২৪ মে) উচ্চপর্যায়ের প্রশাসনিক ও আইনশৃঙ্খলা সংক্রান্ত এক পর্যালোচনা বৈঠকে এসব নির্দেশনা দেন যোগী আদিত্যনাথ।

সোমবার (২৫ মে) এ বিষয়ে প্রতিবেদন প্রকাশ করেছে ইন্ডিয়া টুডে।

ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠিত ওই বৈঠকে কোরবানির ঈদ ও গঙ্গা দশহরা উৎসব ঘিরে নিরাপত্তা, পরিচ্ছন্নতা এবং প্রশাসনিক প্রস্তুতি পর্যালোচনা করা হয়। এ সময় মুখ্যমন্ত্রী নির্দেশ দেন, কোনো অবস্থাতেই রাস্তা বন্ধ করে বা জনদুর্ভোগ সৃষ্টি করে নামাজ আদায় করা যাবে না। শুধুমাত্র আগে থেকে নির্ধারিত ও ঐতিহ্যবাহী ধর্মীয় স্থানগুলোতেই ঈদের জামাত অনুষ্ঠিত হবে।

তিনি আরও বলেন, জনসমক্ষে পশু কোরবানি দেয়া যাবে না। নির্ধারিত স্থান ছাড়া অন্য কোথাও কোরবানি হলে কঠোর ব্যবস্থা নেয়া হবে। একই সঙ্গে নিষিদ্ধ পশু জবাই ঠেকাতে প্রশাসনকে ‘শূন্য সহনশীলতা’ নীতি অনুসরণের নির্দেশ দেয়া হয়েছে।

যোগী আদিত্যনাথ সতর্ক করে বলেন, উৎসবের সময় নতুন কোনো নিয়মের অজুহাতে বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করলে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।

কোরবানির পর পশুর বর্জ্য দ্রুত অপসারণেরও নির্দেশ দিয়েছেন তিনি। পাশাপাশি খোলা স্থানে মাংস বিক্রির ওপর নিষেধাজ্ঞা বহাল থাকবে বলেও জানান মুখ্যমন্ত্রী। অবৈধ কসাইখানার বিরুদ্ধেও কঠোর আইনি পদক্ষেপ নেয়ার কথা বলা হয়েছে।

এ ছাড়া আলীগড়, বিজনোর ও সাহারানপুরের মতো সংবেদনশীল জেলাগুলোতে সার্বক্ষণিক পুলিশি টহল ও ফ্ল্যাগ মার্চ পরিচালনার নির্দেশ দেয়া হয়েছে। উৎসব চলাকালে বিদ্যুৎ সরবরাহ ও পরিচ্ছন্নতা ব্যবস্থা স্বাভাবিক রাখারও নির্দেশনা দেয়া হয়।

বৈঠকে জনসাধারণের অভিযোগ দ্রুত নিষ্পত্তির জন্য নতুন উদ্যোগের কথাও ঘোষণা করেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী। এখন থেকে রাজ্যের প্রতিটি উন্নয়ন ব্লকে প্রতি সপ্তাহে উন্মুক্ত সভা বা ‘চৌপাল’ আয়োজন করা হবে। সেখানে জমিজমা সংক্রান্ত বিরোধ, পারিবারিক সহিংসতা এবং থানায় নথিভুক্ত না হওয়া অভিযোগগুলোর তাৎক্ষণিক সমাধানের চেষ্টা করা হবে। জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের এসব সভায় উপস্থিত থেকে স্বচ্ছ ও সন্তোষজনক সমাধান নিশ্চিত করার নির্দেশ দেয়া হয়েছে।

 

এসি//

এ সম্পর্কিত আরও পড়ুন