ঈদের দিনসহ টানা বৃষ্টির পূর্বাভাস পাঁচ বিভাগে
ঈদের দিনসহ আগামী কয়েকদিন দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। বিশেষ করে দেশের পাঁচটি বিভাগে ভারী বৃষ্টির সম্ভাবনার কথা জানানো হয়েছে।
সোমবার (২৫ মে) আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবির স্বাক্ষরিত পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।
পূর্বাভাস অনুযায়ী, বুধবার (২৭ মে) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক স্থানে মাঝারি ধরনের বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
এর পরদিন বৃহস্পতিবার (২৮ মে) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। একই সময় ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু এলাকাতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও দমকা বা ঝোড়ো হাওয়া ও বজ্রপাতের আশঙ্কা রয়েছে। ওই দিন রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু এলাকায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিও হতে পারে।
আবহাওয়া অধিদপ্তর আরও জানিয়েছে, ওই সময়ে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে, তবে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।
শুক্রবার (২৯ মে) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি ঢাকা, খুলনা ও বরিশালের কিছু এলাকাতেও বৃষ্টিপাত হতে পারে। এ সময় দেশের বিভিন্ন স্থানে দমকা হাওয়া, বজ্রপাত এবং ভারী বৃষ্টির আশঙ্কাও রয়েছে। দিন ও রাতের তাপমাত্রা প্রায় একই থাকতে পারে।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, এ ধরনের বৃষ্টিপাতের প্রবণতা আগামী পাঁচ দিন পর্যন্ত দেশের বিভিন্ন এলাকায় অব্যাহত থাকতে পারে।