জাতীয়

রামিসা হত্যা মামলায় ফরেনসিক রিপোর্ট তদন্ত কর্মকর্তার হাতে, চলছে চার্জশিট প্রস্তুতির কাজ

রাজধানীর পল্লবীতে শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যার ঘটনায় ডিএনএ, ময়নাতদন্ত ও ভিসেরা রিপোর্ট তদন্ত কর্মকর্তার কাছে হস্তান্তর করা হয়েছে। এতে মামলার তদন্ত কার্যক্রম শেষ পর্যায়ে পৌঁছেছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।

শনিবার (২৩ মে) পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)-এর বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) জসীম উদ্দিন খান বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন।

তিনি জানান, সিআইডির ফরেনসিক ইউনিট থেকে পল্লবী থানার মামলার তদন্তকারী কর্মকর্তা ও উপপরিদর্শক (এসআই) অহিদুজ্জামান ভুঁইয়া নিপুন এসব গুরুত্বপূর্ণ ফরেনসিক রিপোর্ট সংগ্রহ করেছেন। ডিএনএ, ময়নাতদন্ত ও ভিসেরা—সব ধরনের প্রতিবেদন তদন্ত কর্মকর্তার কাছে হস্তান্তর করা হয়েছে।

তদন্ত সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গুরুত্বপূর্ণ এসব রিপোর্ট পাওয়ার পর মামলার তদন্ত প্রায় শেষ পর্যায়ে রয়েছে। বর্তমানে অভিযোগপত্র বা চার্জশিট প্রস্তুতের কাজ চলছে। সবকিছু ঠিক থাকলে রোববার (২৪ মে) আদালতে অভিযোগপত্র জমা দেওয়া হতে পারে।

উল্লেখ্য, গেল ১৯ মে সকালে রাজধানীর মিরপুরের পল্লবীর একটি ফ্ল্যাটের খাটের নিচ থেকে শিশু রামিসার মস্তকবিহীন মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে বাথরুম থেকে তার বিচ্ছিন্ন মাথা উদ্ধার করা হয়।

ঘটনার পর পল্লবী থানায় হত্যা মামলা দায়ের করা হয়। প্রথমে প্রধান আসামি সোহেল রানার স্ত্রী স্বপ্না আক্তারকে আটক করা হয়। পরে সোহেল রানাকে গ্রেপ্তার করে পুলিশ। তদন্তে শিশুটিকে ধর্ষণের পর গলা কেটে হত্যার অভিযোগে আদালতে দোষ স্বীকার করে জবানবন্দিও দিয়েছেন সোহেল রানা।

 

এমএ//

 

এ সম্পর্কিত আরও পড়ুন