দেশজুড়ে

রামিসা হত্যার ক্ষোভের মাঝেই যশোরে ৩ বছরের শিশুকে ধর্ষণচেষ্টা

ছবি: প্রতীকী ছবি

শিশু নির্যাতনের একের পর এক লোমহর্ষক ঘটনায় কাঁপছে দেশ। মিরপুরের পল্লবীতে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী রামিসা আক্তারকে ধর্ষণের পর নৃশংসভাবে হত্যার ঘটনার রেশ কাটতে না কাটতেই এবার যশোরের শার্শায় তিন বছরের এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে। কোমলমতি শিশুদের ওপর এমন উপর্যুপরি পাশবিকতায় দেশজুড়ে তীব্র ক্ষোভ ও নিন্দার ঝড় বইছে।

যশোরের শার্শায় ঘটে যাওয়া সাম্প্রতিক এই ঘটনায় অভিযুক্ত আলম গাজী (৩৯) নামের এক ব্যক্তিকে পুলিশ ইতোমধ্যে গ্রেপ্তার করেছে।

গতকাল শুক্রবার (২২ মে) সকালে ঘটনাটি ঘটে। পরে গভীর রাতে শিশুটির বাবার লিখিত অভিযোগের প্রেক্ষিতে শার্শা থানা পুলিশ অভিযান চালিয়ে তাকে আইনের আওতায় আনে।

ভুক্তভোগী শিশুটির পরিবারের বরাতে জানা যায়, শুক্রবার সকালে কাঠি ভাজা খাওয়ানোর প্রলোভন দেখিয়ে শিশুটিকে বাড়ির পাশের একটি টং ঘরে নিয়ে যায় আলম। সেখানে তার ওপর পাশবিক নির্যাতন ও ধর্ষণের চেষ্টা চালানো হয়। এ সময় শিশুটির চিৎকার শুনে আশেপাশের মানুষ ছুটে এলে অভিযুক্ত আলম দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মারুফ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশ সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং প্রাথমিক তদন্তে ঘটনার সত্যতা পেয়েছে। এই ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। পাশাপাশি শিশুটির শারীরিক পরীক্ষা এবং অন্যান্য প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে।

এর আগে গত সপ্তাহে রাজধানীর পল্লবীতে সাত বছর বয়সী শিশু রামিসা আক্তারকে ধর্ষণের পর নির্মমভাবে হত্যা করা হয়। গত ১৯ মে প্রতিবেশী সোহেল রানার ফ্ল্যাটের খাটের নিচ থেকে রামিসার মাথাবিহীন দেহ এবং বাথরুম থেকে তার খণ্ডিত মাথা উদ্ধার করে পুলিশ।

তদন্ত সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, স্কুলে যাওয়ার পথে রামিসাকে ফুসলিয়ে নিজের ঘরে নিয়ে যায় সোহেল। সেখানে ধর্ষণের পর অপরাধ আড়াল করতে তাকে গলা কেটে হত্যা করে এবং লাশ গুম করার চেষ্টা চালায়।

এই লোমহর্ষক হত্যাকাণ্ডের মূল হোতা সোহেল রানা এবং তাকে সহায়তার অভিযোগে তার স্ত্রী স্বপ্না খাতুনকে গ্রেপ্তার করেছে পুলিশ। পরবর্তীতে সোহেল আদালতে হাজির হয়ে নিজের অপরাধ স্বীকার করে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। এই নির্মম ও বর্বরোচিত হত্যাকাণ্ডের প্রতিবাদে এবং অপরাধীদের দ্রুত ও দৃষ্টান্তমূলক বিচারের দাবিতে দেশজুড়ে সাধারণ মানুষের মাঝে তীব্র অসন্তোষ ও বিক্ষোভ ছড়িয়ে পড়েছে।

 

এসি//

এ সম্পর্কিত আরও পড়ুন