আন্তর্জাতিক

২৪ ঘণ্টায় হরমুজ প্রণালি অতিক্রম করেছে ৩৫ জাহাজ: আইআরজিসি

গেল ২৪ ঘণ্টায় হরমুজ প্রণালি দিয়ে অন্তত ৩৫টি জাহাজ চলাচল করেছে বলে দাবি করেছে ইরানের ইসলামিক রেভ্যুলুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। এসব জাহাজের মধ্যে তেলবাহী ট্যাংকার ও কনটেইনারবাহী জাহাজও ছিল বলে জানিয়েছে সংস্থাটি।

শুক্রবার (২২ মে) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, আইআরজিসির দাবি অনুযায়ী, জাহাজগুলো তাদের নৌবাহিনীর অনুমতি ও সমন্বয়ের মাধ্যমে হরমুজ প্রণালি অতিক্রম করেছে।

এর আগের ২৪ ঘণ্টায় প্রণালিটি দিয়ে ৩১টি জাহাজ চলাচলের তথ্য দিয়েছিল আইআরজিসি। নতুন পরিসংখ্যানে জাহাজ চলাচলের সংখ্যা কিছুটা বেড়েছে বলে উল্লেখ করা হয়েছে।

উল্লেখ্য, গেল ২৮ ফেব্রুয়ারি ইরানে হামলা চালায় ইসরাইল। পরে ওই অভিযানে যুক্তরাষ্ট্রও অংশ নেয়। যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনি নিহত হন।

এর প্রতিক্রিয়ায় ইসরাইল ও মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন সামরিক স্থাপনাগুলোকে লক্ষ্য করে পাল্টা হামলা শুরু করে ইরান। একইসঙ্গে গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলের ওপর কঠোর নিয়ন্ত্রণ আরোপ করে তেহরান, যা মধ্যপ্রাচ্যজুড়ে উত্তেজনা বাড়িয়ে তোলে।

বর্তমানে পাকিস্তানের মধ্যস্থতায় একটি নাজুক যুদ্ধবিরতি কার্যকর রয়েছে। পাশাপাশি স্থায়ী সমাধানের লক্ষ্যে সংশ্লিষ্ট পক্ষগুলোর মধ্যে আলোচনা অব্যাহত রয়েছে।

 

এমএ//

 

এ সম্পর্কিত আরও পড়ুন