ট্রাক চাপায় নিহত যুবক, মোটরসাইকেলে মিললো ৩০ হাজার ইয়াবা
কক্সবাজারের চকরিয়া উপজেলার মাদকদ্রব্য নিয়ন্ত্রণের ধাওয়া খেয়ে পালানোর সময় ট্রাক চাপায় নুরুল হোসেন ওরফে মনু (২৮) নামে এক যুবক নিহত হয়েছেন। এ সময় মোটরসাইকেল থেকে ৩০ হাজার ৫০ পিস ইয়াবা উদ্ধার করেছে পুলিশ। নিহত নুরুল হোসেন কক্সবাজার পৌরসভার দক্ষিণ কুতুবদিয়া পাড়ার নুরুল ইসলামের ছেলে।
বৃহস্পতিবার (২১ মে) দুপুরে উপজেলার খুটাখালী ইউনিয়নের মেদাকচ্ছপিয়া ঢালা এলাকায় চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। মালুমঘাট হাইওয়ে থানার পুলিশ পরিদর্শক (ওসি) মাহবুবর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, কক্সবাজারমুখী একটি মোটরসাইকেলকে ‘মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর’ লেখা একটি গাড়ি ধাওয়া করছিল। পালিয়ে যাওয়ার সময় মোটরসাইকেলটি বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই নুরুল হোসেন নিহত হন। মোটরসাইকেলের অপর আরোহী আহত অবস্থায় পালিয়ে যান।
এ ঘটনায় ট্রাক ও মোটরসাইকেল জব্দ করা হয়েছে।
ওসি মাহবুবর রহমান বলেন, স্থানীয় লোকজনের ভাষ্যমতে ধাওয়ার কারণেই দুর্ঘটনাটি ঘটেছে। তবে ঘটনাস্থলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কাউকে পাওয়া যায়নি। নিহতের মরদেহ আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
আই/এ