রামিসার নির্মম মৃত্যু পুরো দেশকে এক ধাক্কায় স্তব্ধ করে দিয়েছে: আজহারী
রাজধানীর পল্লবীতে দ্বিতীয় শ্রেণির অবুঝ শিশু রামিসা আক্তারকে অত্যন্ত পৈশাচিক ও নৃশংসভাবে হত্যার ঘটনায় দেশজুড়ে নিন্দার ঝড় বইছে। এই নির্মম হত্যাকাণ্ডের বিরুদ্ধে এবার তীব্র ক্ষোভ প্রকাশ করে ঘাতকদের দ্রুত বিচারের দাবি জানিয়েছেন দেশের জনপ্রিয় ইসলামি বক্তা ও খ্যাতনামা আলেম মাওলানা মিজানুর রহমান আজহারী। নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া তাঁর একটি দীর্ঘ প্রতিবাদী পোস্ট ইতোমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে।
বুধবার (২০ মে) সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া ওই পোস্টে তিনি সাত বছর বয়সী শিশু রামিসা আক্তারকে হারিয়ে যাওয়া নিয়ে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেন। একই সঙ্গে এই জঘন্য অপরাধের সঙ্গে জড়িতদের দ্রুততম সময়ের মধ্যে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানান।
বায়ান্ন টিভির পাঠকদের জন্য মাওলানা মিজানুর রহমান আজহারীর পোস্টটি হুবহু তুলে ধরা হলো—
‘পৃথিবীতে কিছু কিছু জঘন্য অপরাধ রয়েছে যা শুধু রাষ্ট্রের প্রচলিত আইনকেই ভঙ্গ করে না, বরং সামগ্রিক মানবতাকেও অত্যন্ত নিষ্ঠুরভাবে হত্যা করে। আজ একটি নিষ্পাপ কন্যা শিশুর এমন নির্মম ও অকাল বিদায় পুরো দেশকে এক ধাক্কায় স্তব্ধ করে দিয়েছে! এই পৈশাচিক হত্যাকাণ্ডের বিচার পাওয়াটা শুধু আইনের বিষয় নয়, এটি আজ গোটা মানবতার দাবি।’
ভবিষ্যতে দেশের বুকে শিশুদের জন্য একটি নিরাপদ ও সুন্দর সমাজ গড়ে তোলার ওপর বিশেষ তাগিদ দিয়ে তিনি আরও বলেন, ‘আগামী দিনের আমাদের কোমলমতি শিশুদের নিরাপত্তা শতভাগ নিশ্চিত করতে হলে, এই ধরনের চরম নির্মমতার দ্রুততম সময়ে বিচার সম্পন্ন করা এবং অপরাধীকে কঠোরতম ও দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া এখন সময়ের সবচেয়ে বড় দাবি।’
এসি//